গোপন খবরের ভিত্তিতে বড়সড় মাদকবিরোধী অভিযান চালিয়ে বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার করল পিআর বাড়ি থানার পুলিশ। রবিবার রাজনগর থানাধীন মনাইপাথর কিলিংপাড়া এলাকায় এই অভিযান চালানো হয়।পুলিশ সূত্রে জানা যায়, ওসি রতন রবি দাসের নেতৃত্বে এসআই নিরন দেববর্মা, এসআই বিকাশ দেবনাথ, ডিসিএম বিএলএন এবং জেলা মোবাইল ফরেনসিক দলের সদস্যরা অভিযানে অংশ নেন। দুলাল মজুমদারের বাড়িতে তল্লাশি চালিয়ে মাটির নিচে লুকিয়ে রাখা চারটি প্লাস্টিকের ড্রাম থেকে বিপুল পরিমাণ শুকনো গাঁজা উদ্ধার করা হয়। পুলিশের দাবি, উদ্ধার হওয়া গাঁজার পরিমাণ ১২২ কেজির বেশি।অভিযানে মাদক পরিবহনে ব্যবহৃত বলে সন্দেহ করা TR-08-E-0656 নম্বরের একটি অল্টো গাড়িও বাজেয়াপ্ত করা হয়েছে। ঘটনাস্থল থেকে বাড়ির মালিক দুলাল মজুমদার ও তাঁর ছেলে সাগর মজুমদারকে গ্রেফতার করা হয়।পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, ঘটনায় পিআর বাড়ি থানায় ৩০/২০২৬ নম্বর মামলা রুজু করা হয়েছে। মামলায় NDPS Act-এর 20(b)(ii)(C), 25 ও 29 ধারায় ব্যবস্থা নেওয়া হয়েছে।ওসি রতন রবি দাস জানান, মাদকের বিরুদ্ধে পুলিশের ‘জিরো টলারেন্স’ নীতি অব্যাহত থাকবে। এই চক্রের সঙ্গে আর কারা জড়িত, তা খতিয়ে দেখা হচ্ছে এবং তদন্তের ভিত্তিতে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
মাটির নিচে ৪ ড্রাম! পিআর বাড়িতে পুলিশের অভিযানে বিপুল গাঁজা উদ্ধার, গ্রেফতার বাবা-ছেলে
