Headlines

ইঞ্জিনিয়ার ছাড়া ঢালাই! রাস্তার কাজ বন্ধের নির্দেশ মন্ত্রী বিকাশ দেববর্মার

কৃষ্ণপুর: সরকারি রাস্তা নির্মাণে কাজের গুণগত মান নিয়ে কোনও আপস নয়—এমনই কড়া বার্তা দিলেন জনজাতি কল্যাণমন্ত্রী তথা ২৯ কৃষ্ণপুরের বিধায়ক বিকাশ দেববর্মা। রবিবার কৃষ্ণপুর এলাকা দিয়ে যাওয়ার সময় তেলিয়ামুড়া থেকে উত্তর মহারানী জি এম রোড সংলগ্ন এনএইচ সড়কের নির্মাণকাজ সরেজমিনে পরিদর্শন করেন তিনি।প্রায় ৩৪ কোটি টাকা বরাদ্দের এই সড়ক প্রকল্পে সাইডওয়ালের ঢালাইয়ের কাজ চলছিল দায়িত্বপ্রাপ্ত ইঞ্জিনিয়ারের উপস্থিতি ছাড়াই—এমন অভিযোগ নজরে আসতেই ক্ষোভ প্রকাশ করেন মন্ত্রী। গুরুত্বপূর্ণ নির্মাণকাজের সময় ইঞ্জিনিয়ারের উপস্থিতি নিশ্চিত করার নির্দেশ থাকা সত্ত্বেও তিনি ঘটনাস্থলে কেন ছিলেন না, তা নিয়ে প্রশ্ন তোলেন বিকাশ দেববর্মা।এরপর ইঞ্জিনিয়ার ঘটনাস্থলে না আসা পর্যন্ত ঢালাইয়ের কাজ বন্ধ রাখার নির্দেশ দেন তিনি। মন্ত্রীর বক্তব্য, ইঞ্জিনিয়ারের তদারকি ছাড়া নির্মাণকাজ হলে গুণগত মান বজায় রাখা কঠিন। সরকারি অর্থে তৈরি রাস্তা যাতে দীর্ঘস্থায়ী হয়, তা নিশ্চিত করা সংশ্লিষ্ট সকলের দায়িত্ব।নির্মাণ সংস্থাকেও নির্ধারিত মান ও নিয়ম মেনে কাজ করার নির্দেশ দেওয়া হয়। এদিন মন্ত্রীর সঙ্গে ছিলেন খোয়াই জেলা পরিষদের সদস্য রঞ্জিত সরকার, কৃষ্ণপুর মণ্ডলের সহ-সভাপতি গোপাল দাস, সম্পাদক মদনমোহন সাহা এবং বিজেপি খোয়াই জেলা কমিটির সম্পাদক নির্মল সরকার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *