Headlines

গৌড় গোবিন্দ সেবাশ্রমের উন্নয়নে ১০ লক্ষ টাকা, কাজ পরিদর্শনে মন্ত্রী বিকাশ দেববর্মা

কৃষ্ণপুর: বৈষ্ণব ভাবধারা ও ধর্মীয় ঐতিহ্যের অন্যতম গুরুত্বপূর্ণ কেন্দ্র ‘গৌড় গোবিন্দ ভক্তি বিনোদ সেবাশ্রম’-এর পরিকাঠামোগত উন্নয়নে বিধায়ক উন্নয়ন তহবিল থেকে ১০ লক্ষ টাকা বরাদ্দ করা হয়েছে। সেই অর্থে মন্দির চত্বরে চলছে বিভিন্ন নির্মাণ ও উন্নয়নমূলক কাজ।রবিবার সেবাশ্রমে গিয়ে নির্মাণকাজের অগ্রগতি সরেজমিনে খতিয়ে দেখেন জনজাতি কল্যাণমন্ত্রী তথা ২৯ কৃষ্ণপুরের বিধায়ক বিকাশ দেববর্মা। মন্দির চত্বর ঘুরে দেখার পাশাপাশি কাজের মান ও নির্ধারিত পরিকল্পনা অনুযায়ী নির্মাণকাজ এগোচ্ছে কি না, তা নিয়ে সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলেন তিনি।পরিদর্শনের সময় সেবাশ্রমে কর্মরত বৈষ্ণবদের সঙ্গেও কথা বলেন মন্ত্রী। ভবিষ্যতে পরিকাঠামোগত উন্নয়ন এবং ভক্তদের সুযোগ-সুবিধা বৃদ্ধির বিষয়ে তাঁদের মতামত শোনেন। ধর্মীয় ঐতিহ্য ও পরিবেশ অক্ষুণ্ণ রেখেই উন্নয়নমূলক কাজ এগিয়ে নেওয়ার উপর গুরুত্ব দেন তিনি।মন্ত্রী বলেন, ঐতিহ্যবাহী ধর্মীয় স্থানগুলির পরিকাঠামোর উন্নয়ন হলে স্থানীয়দের পাশাপাশি দূরদূরান্ত থেকে আসা ভক্তরাও উপকৃত হবেন। একই সঙ্গে এই ধরনের প্রতিষ্ঠান ধর্মীয় ও সাংস্কৃতিক ঐতিহ্যকে আগামী প্রজন্মের কাছে তুলে ধরতেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।এদিন মন্ত্রীর সঙ্গে ছিলেন বিজেপি ২৯ কৃষ্ণপুর মণ্ডলের সহ-সভাপতি গোপাল দাস ও রঞ্জিত সরকার, মণ্ডলের সম্পাদক মদন মোহন সাহা এবং খোয়াই জেলার সম্পাদক নির্মল সরকার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *