সিমনা: সিমনার ব্রহ্মকুণ্ড পর্যটনকেন্দ্রে নির্মাণকাজে ব্যবহৃত ইট ও রড নিয়ে অনিয়মের অভিযোগকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়েছে। স্থানীয়দের অভিযোগ, নির্মাণকাজের জন্য আনা বিপুল পরিমাণ ইট অন্যত্র বিক্রি করা হয়েছে। পাশাপাশি একটি বাড়িতে কয়েক টন রড পাওয়া যাওয়ার ঘটনাও সামনে এসেছে।অভিযোগের পর শ্যাম ইঞ্জিনিয়ারিং কোম্পানির ম্যানেজার কল্যাণ কুমার বন্দ্যোপাধ্যায় ঘটনাস্থলে গিয়ে বিষয়টি খতিয়ে দেখেন। তাঁর দাবি, অঞ্জন পালের অনুরোধে ৮ হাজার ইট অন্যত্র দেওয়ার অনুমতি তিনি দিয়েছিলেন। তবে রড সরিয়ে নেওয়ার কোনও অনুমতি দেওয়া হয়নি বলে জানান তিনি।পরবর্তীতে নাগরপাড়ার একটি বাড়িতে রড মজুত থাকার খবর পেয়ে মথা দলের নেতৃত্ব ও পুলিশকে সঙ্গে নিয়ে সেখানে যান কোম্পানির ম্যানেজার। বাড়ির মালিকের দাবি, অঞ্জন পাল সেখানে রডগুলি রেখে গিয়েছিলেন। রডগুলি নির্মাণকাজের বলে ম্যানেজারও স্বীকার করেন এবং অঞ্জন পালের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার কথা জানান। পরে সুন্দরটিলা থানায় জিডি করা হয়েছে বলেও জানা গেছে।তবে স্থানীয়দের প্রশ্ন, নির্মাণস্থলে স্টোরকিপার, সাইড ইঞ্জিনিয়ার ও নিরাপত্তারক্ষী থাকা সত্ত্বেও কীভাবে বিপুল পরিমাণ নির্মাণসামগ্রী সেখান থেকে সরিয়ে নেওয়া সম্ভব হলো। এর পিছনে কোনও বড় চক্র রয়েছে কি না, তা খতিয়ে দেখতে নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন তাঁরা।স্থানীয়দের বক্তব্য, পর্যটনকেন্দ্রের উন্নয়নের জন্য সরকারি উদ্যোগকে তাঁরা স্বাগত জানান। তবে সরকারি অর্থে চলা প্রকল্পে নির্মাণসামগ্রী নিয়ে কোনও অনিয়ম হলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া জরুরি।
ব্রহ্মকুণ্ড পর্যটনকেন্দ্রে নির্মাণসামগ্রী নিয়ে অভিযোগ, তদন্তের দাবিতে সরব স্থানীয়রা
