সিমনা: রাস্তা নির্মাণের কাজ দীর্ঘদিন ধরে অসম্পূর্ণ পড়ে থাকায় চরম দুর্ভোগে পড়েছেন সিমনা গ্রাম পঞ্চায়েতের ৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দারা। স্থানীয়দের অভিযোগ, রাস্তার দুই পাশে আরসিসি ওয়াল তৈরি হলেও মাঝখানে মাটি ভরাটের কাজ এখনও সম্পূর্ণ হয়নি। ফলে বৃষ্টির জলে বিভিন্ন জায়গায় মাটি সরে গিয়ে তৈরি হয়েছে বড় বড় গর্ত।গ্রামবাসীদের দাবি, সিমনা গ্রাম পঞ্চায়েতের সমু দেবের বাড়ির সামনে থেকে নির্মীয়মাণ রাস্তাটি কাটাছড়ার সিসি রোডের সঙ্গে যুক্ত হওয়ার কথা। কিন্তু কাজ থমকে থাকায় ছাত্রছাত্রী, রোগী ও সাধারণ মানুষকে প্রতিদিন সমস্যার মুখে পড়তে হচ্ছে।স্থানীয়দের দাবি, গত আশ্বিন মাসে কাজ শুরু হলেও এখনও কাজের গতি অত্যন্ত ধীর। রাস্তার বর্তমান অবস্থায় দুর্ঘটনার আশঙ্কাও তৈরি হয়েছে। দ্রুত মাটি ভরাট করে রাস্তার নির্মাণকাজ সম্পূর্ণ করার দাবি জানিয়েছেন তাঁরা।এদিকে, সংশ্লিষ্ট দপ্তরের দাবি, প্রায় ছয় মাস আগে কাজ শুরু হলেও আরসিসি ওয়াল নির্মাণের পর বর্ষা চলে আসায় মাটি ভরাট করা সম্ভব হয়নি। এটি নতুন রাস্তা হওয়ায় পুরো প্রকল্প বাস্তবায়নে আরও সময় লাগতে পারে বলেও দপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে।তবে প্রশাসনিক ব্যাখ্যা যাই হোক, দ্রুত কাজ শেষ করে সাধারণ মানুষের দুর্ভোগ দূর করার দাবিতেই সরব হয়েছেন স্থানীয় বাসিন্দারা।
রাস্তা নয়, যেন মরণফাঁদ! সিমনায় থমকে নির্মাণকাজে চরম দুর্ভোগে এলাকাবাসী
