মেলাঘর: কর আদায় হলেও নাগরিক পরিষেবায় কেন এমন বেহাল দশা—এই প্রশ্নেই ক্ষোভে ফুঁসছেন মেলাঘর পৌরসভার ৭ ও ৮ নম্বর ওয়ার্ডের বাসিন্দারা। মেলাঘর-সোনামুড়া মূল সড়ক থেকে মাত্র ১০০ মিটার দূরের একটি সংযোগকারী রাস্তা দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে চলাচলের অযোগ্য হয়ে পড়েছে বলে অভিযোগ।রাস্তার বিভিন্ন অংশে বড় বড় গর্ত, কাদা ও জল জমে থাকায় প্রতিদিন চরম দুর্ভোগে পড়তে হচ্ছে স্থানীয়দের। অভিযোগ, বারবার জানানো হলেও রাস্তা সংস্কারে কার্যকর উদ্যোগ নেওয়া হয়নি।দুর্ভোগের প্রতিবাদে এবার সরব হয়েছেন এলাকার মহিলারা। কাদা-জলে দাঁড়িয়েই ক্ষোভ প্রকাশের পাশাপাশি পথ অবরোধ করে দ্রুত রাস্তা সংস্কারের দাবি জানান তাঁরা। তাঁদের দাবি, সাময়িক মেরামত নয়, সুপরিকল্পিত ড্রেনসহ রাস্তাটিকে আধুনিক মানের সড়কে রূপান্তর করতে হবে।স্থানীয় মহিলাদের হুঁশিয়ারি, দ্রুত সংস্কারের উদ্যোগ না নেওয়া হলে আগামী দিনে পৌরসভার সামনে বৃহত্তর আন্দোলনে নামবেন তাঁরা। এখন দেখার, এই প্রতিবাদের পর মেলাঘর পৌর প্রশাসন কী পদক্ষেপ নেয়।
কর আদায় চলছে, রাস্তা সারাতে ‘নীরব’ পৌরসভা! ক্ষোভে মেলাঘরের মহিলারা
