আগরতলা, ১৭ আগস্ট: ত্রিপুরায় স্টার্টআপ ও উদ্ভাবনী উদ্যোগকে আরও এগিয়ে নিতে চালু হলো T-RISE—Tripura Registry & Integration for Startup Ecosystem Portal। সোমবার আগরতলার প্রজ্ঞা ভবনে ‘Building a Unicorn in Tripura’ শীর্ষক কর্মশালায় পোর্টালটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।তথ্যপ্রযুক্তি দপ্তর ও হায়দরাবাদের T-Hub-এর সহযোগিতায় আয়োজিত কর্মশালায় উপস্থিত ছিলেন তথ্যপ্রযুক্তি, অর্থ, পরিকল্পনা ও সমন্বয় দপ্তরের মন্ত্রী প্রণজিৎ সিংহ রায়-সহ প্রশাসনের আধিকারিক, শিল্পপতি, বিনিয়োগকারী, স্টার্টআপ প্রতিষ্ঠাতা ও শিক্ষাক্ষেত্রের প্রতিনিধিরা।নতুন Sector-Agnostic Tripura Startup Policy-এর মাধ্যমে রাজ্যে স্টার্টআপ, উদ্ভাবন, কর্মসংস্থান ও বিনিয়োগ বৃদ্ধির উদ্যোগ নেওয়া হয়েছে। হাপানিয়ার International Business Centre-এ গড়ে তোলা হয়েছে T-NEST নামে রাজ্যস্তরের ইনকিউবেশন সেন্টার।সরকারের তথ্য অনুযায়ী, নতুন স্টার্টআপ নীতি চালুর পর ১৮৫টির বেশি আবেদন জমা পড়েছে। এর মধ্যে ১৪০টি রেজিস্ট্রেশন অনুমোদিত হয়েছে এবং ৭০টি স্টার্টআপ স্বীকৃতি পেয়েছে। ইতিমধ্যে আর্থিক সহায়তা হিসেবে দেওয়া হয়েছে ২ কোটি ৭২ লক্ষ টাকা।T-RISE পোর্টালের মাধ্যমে স্টার্টআপ, উদ্যোক্তা, ইনকিউবেটর, মেন্টর, বিনিয়োগকারী ও সরকারি দপ্তরকে একটি ডিজিটাল প্ল্যাটফর্মে যুক্ত করার পরিকল্পনা রয়েছে। ২০টির বেশি মেন্টর ও ১০টির বেশি বিনিয়োগকারীর পাশাপাশি বিভিন্ন কর্পোরেট সংস্থা ও বিশেষজ্ঞদের সহায়তা পাওয়ার সুযোগ থাকবে উদ্যোক্তাদের।এছাড়া HDFC Bank, Amazon Seller Services এবং Zoho Corporation-এর সঙ্গে কৌশলগত সমঝোতা স্মারক স্বাক্ষর হয়েছে। এর ফলে আর্থিক পরিষেবা, ই-কমার্স, রপ্তানি, ক্লাউড প্রযুক্তি ও প্রশিক্ষণের ক্ষেত্রে স্টার্টআপগুলি বিভিন্ন সুবিধা পাওয়ার সুযোগ পাবে।কর্মশালায় T-Hub-এর বিশেষজ্ঞরা উদ্ভাবন ব্যবস্থাপনা, ব্যবসা সম্প্রসারণ, অর্থ সংগ্রহ ও বাজার সম্প্রসারণ নিয়ে প্রশিক্ষণ দেন। Skyroot Aerospace-এর প্রতিনিধিরাও সফল স্টার্টআপ গড়ে তোলার অভিজ্ঞতা তুলে ধরেন।সরকারের দাবি, এই উদ্যোগ ত্রিপুরায় একটি শক্তিশালী ও উদ্ভাবননির্ভর স্টার্টআপ ইকোসিস্টেম গড়ে তুলবে। পাশাপাশি নতুন বিনিয়োগ ও কর্মসংস্থানের সুযোগ তৈরি করে রাজ্যকে পূর্ব ভারতের অন্যতম স্টার্টআপ গন্তব্য হিসেবে প্রতিষ্ঠার পথ প্রশস্ত করবে।
ত্রিপুরায় স্টার্টআপে নতুন গতি, চালু T-RISE পোর্টাল; ২.৭২ কোটি সহায়তা
