মান্দাই আরডি ব্লকের অন্তর্গত আথুক তুথাং এলাকায় প্রায় পাঁচ মাস ধরে তীব্র পানীয় জলের সংকটে ভুগছেন স্থানীয় বাসিন্দারা। অভিযোগ, ব্লক প্রশাসনের পক্ষ থেকেও এখনো স্থায়ীভাবে পানীয় জলের ব্যবস্থা করা হয়নি।স্থানীয়দের দাবি, বৃষ্টি হলে বৃষ্টির জল সংগ্রহ করেই কোনোরকমে জীবনযাপন করতে হচ্ছে। কিন্তু বৃষ্টি না হলে সেই জলও মেলে না। দৈনিক ৫০০ টাকা মজুরিতে কাজ করে এক ড্রাম জল কিনতে হচ্ছে প্রায় ৫০ টাকায়। একটি পরিবারের দৈনিক প্রয়োজন মেটাতে প্রায় পাঁচ ড্রাম জল কিনতেই খরচ হচ্ছে ২৫০ টাকা। ফলে বাকি সামান্য অর্থে স্ত্রী, সন্তান ও বাবা-মাকে নিয়ে সংসার চালানো অত্যন্ত কঠিন হয়ে পড়েছে।স্থানীয়দের অভিযোগ, অনেক সময় খাবারের অভাবেও দিন কাটাতে হচ্ছে। জনপ্রতিনিধিদের একাধিকবার জানিয়েও সমস্যার স্থায়ী সমাধান হয়নি বলে দাবি তাঁদের।এলাকার বিধায়িকা স্বপ্না দেববর্মা ও এমডিসি জিতেন দেববর্মাকে সরেজমিনে এলাকা পরিদর্শন করে দ্রুত পানীয় জলের ব্যবস্থা করার আবেদন জানিয়েছেন বাসিন্দারা। পাশাপাশি সরকারের কাছেও এই দীর্ঘস্থায়ী জলসংকটের অবসানের দাবি জানিয়েছেন তাঁরা।
বৃষ্টির জলেই জীবন! মান্দাইয়ে ৫ মাস ধরে পানীয় জলের হাহাকার
