আগরতলা: আগরতলার ইন্দ্রনগর এলাকায় তোলাবাজি ও নেশার আসর বসানোর অভিযোগকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। মঙ্গলবার এই অভিযোগের প্রতিবাদে এলাকাবাসীরা এনসিসি থানায় গিয়ে ওসির কাছে ডেপুটেশন দেন এবং দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানান।এলাকাবাসীর অভিযোগ, ইন্দ্রনগরে কংগ্রেস ব্লক সভাপতি সঞ্জীব দে-র বাড়িতে রাতে নিয়মিত নেশার আসর বসে। পাশাপাশি তাঁর ভাই সুজিত দে-র বিরুদ্ধে ঠিকেদারসহ বিভিন্ন ব্যক্তির কাছ থেকে নিয়মিত তোলা আদায়ের অভিযোগও তুলেছেন তাঁরা।অভিযোগকারীদের দাবি, দীর্ঘদিন ধরে এই ধরনের ঘটনায় এলাকায় আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে। বিষয়টি আগে জিবি ফাঁড়ির পুলিশকে জানানো হলেও পরিস্থিতির পরিবর্তন হয়নি বলে তাঁদের অভিযোগ।শেষ পর্যন্ত বাধ্য হয়ে মঙ্গলবার এনসিসি থানায় গিয়ে এলাকাবাসীরা ওসির কাছে লিখিতভাবে বিষয়টি জানান। অভিযোগগুলির নিরপেক্ষ তদন্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়েছে।তবে সঞ্জীব দে বা সুজিত দে-র পক্ষ থেকে এই অভিযোগের বিষয়ে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। অভিযোগের সত্যতা তদন্তের মাধ্যমেই স্পষ্ট হবে।
ইন্দ্রনগরে তোলাবাজির অভিযোগ, এনসিসি থানায় এলাকাবাসীর ডেপুটেশন
