মেলাঘর: একসময় রাজ্য ও জাতীয় স্তরের বহু অ্যাথলেট তৈরির অন্যতম কেন্দ্র ছিল মেলাঘর স্কুল মাঠ সংলগ্ন ঐতিহ্যবাহী ব্যায়ামাগার। বর্তমানে দীর্ঘদিন সংস্কারের অভাবে সেটিই চরম বিপজ্জনক অবস্থায় দাঁড়িয়েছে।স্থানীয়দের অভিযোগ, সামান্য বৃষ্টি হলেই ব্যায়ামাগারের চাল চুইয়ে ভেতরে জল ঢুকে পড়ে। উপরের সিলিংয়ের প্রায় অর্ধেক অংশ ধসে পড়েছে। দীর্ঘদিনের আর্দ্রতার কারণে নষ্ট হচ্ছে মূল্যবান প্রশিক্ষণ সরঞ্জামও।এই ঝুঁকিপূর্ণ পরিবেশের মধ্যেই প্রতিদিন প্রশিক্ষণ চালিয়ে যাচ্ছেন স্থানীয় তরুণ-তরুণীরা। মেঝেতে জল জমে থাকায় সরঞ্জামগুলিতে মরচে ধরছে এবং প্রশিক্ষণেও নানা সমস্যা তৈরি হচ্ছে।স্থানীয় ক্রীড়াবিদদের দাবি, এই ব্যায়ামাগার থেকেই প্রশিক্ষণ নিয়ে একাধিক প্রতিভাবান খেলোয়াড় রাজ্য ও জাতীয় স্তরে সাফল্য অর্জন করেছেন। অথচ বর্তমানে অব্যবস্থাপনা ও সংস্কারের অভাবে সেই ঐতিহ্যবাহী প্রতিষ্ঠানটির ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়েছে।ক্রীড়াপ্রেমী মহলের দাবি, প্রশাসনের দ্রুত হস্তক্ষেপে ব্যায়ামাগারটির সংস্কার করা হোক এবং প্রয়োজনীয় নতুন সরঞ্জাম সরবরাহ করা হোক। তরুণ প্রতিভাদের ভবিষ্যতের কথা মাথায় রেখে দ্রুত পদক্ষেপের দাবি জানিয়েছেন স্থানীয়রা।
অবহেলায় বিপজ্জনক মেলাঘর ব্যায়ামাগার, ঝুঁকি নিয়ে চলছে প্রশিক্ষণ
