বিশালগড় মোটর স্ট্যান্ড সংলগ্ন এলাকায় একই রাতে তিনটি দোকানে দুঃসাহসিক চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। শনিবার সকালে দোকান খুলতে এসে চুরির বিষয়টি নজরে পড়ে দোকান মালিকদের। এরপর খবর দেওয়া হয় বিশালগড় থানায়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে প্রাথমিক তথ্য সংগ্রহ করে বলে জানা গেছে।স্থানীয়দের অভিযোগ, বিশালগড় এলাকায় সাম্প্রতিক সময়ে চুরি, ছিনতাই ও অন্যান্য অপরাধমূলক ঘটনা বাড়ছে। একের পর এক ঘটনায় সাধারণ মানুষের মধ্যে নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। তাঁদের দাবি, রাতে পুলিশি নজরদারি আরও জোরদার করা প্রয়োজন।এদিকে, চুরির ঘটনায় স্থানীয়দের একাংশের দাবি, সন্দেহভাজন এক ব্যক্তিকে তাঁরা ধরে পুলিশের হাতে তুলে দিয়েছিলেন। পরে তাঁকে ছেড়ে দেওয়া হয়েছে বলেও অভিযোগ উঠেছে। যদিও এই অভিযোগের বিষয়ে পুলিশের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য জানা যায়নি।তিনটি দোকানে একসঙ্গে চুরির ঘটনায় এলাকায় আতঙ্কের পাশাপাশি ক্ষোভও দেখা দিয়েছে। স্থানীয় ব্যবসায়ী ও বাসিন্দাদের দাবি, ঘটনার নিরপেক্ষ তদন্ত করে চুরির সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত ও গ্রেপ্তার করা হোক। পাশাপাশি, ভবিষ্যতে যাতে এমন ঘটনা না ঘটে, সে জন্য মোটর স্ট্যান্ড ও সংলগ্ন এলাকায় নিয়মিত পুলিশি টহল বাড়ানোর দাবি জানিয়েছেন তাঁরা।
বিশালগড়ে এক রাতে তিন দোকানে চুরি, পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ
