Headlines

ট্রান্সমিটারে ফিউজ লাগাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট, প্রাণ গেল টমটম চালকের

মেলাঘর থানাধীন মোহনভোগ আনন্দপুর এলাকায় মর্মান্তিক বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হলো শ্যামল দেববর্মা নামে এক টমটম চালকের। দীর্ঘদিন ধরে এলাকার ট্রান্সমিটারটি বিকল ও নানা সমস্যায় জর্জরিত থাকলেও তা স্থায়ীভাবে মেরামত করা হয়নি বলে অভিযোগ স্থানীয়দের। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র ক্ষোভ ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।স্থানীয় সূত্রে জানা গেছে, ওই এলাকায় দীর্ঘদিন ধরেই বিদ্যুতের ভোল্টেজের ওঠানামা চলছিল। কখনও হাই ভোল্টেজ, আবার কখনও লো ভোল্টেজের কারণে সমস্যায় পড়ছিলেন গ্রাহকরা। বিষয়টি বিদ্যুৎ দপ্তরকে একাধিকবার জানানো হলেও স্থায়ী সমাধান হয়নি বলে অভিযোগ। নামমাত্র সংস্কার করে পরিস্থিতি সামাল দেওয়া হচ্ছিল বলেও দাবি স্থানীয়দের।অভিযোগ, সম্প্রতি এলাকায় দীর্ঘক্ষণ লো ভোল্টেজ থাকায় শ্যামল দেববর্মা তাঁর ই-রিকশা চার্জ দিতে পারছিলেন না। জীবিকা বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কায় তিনি নিজেই ট্রান্সমিটারের কাছে গিয়ে ফিউজ লাগানোর চেষ্টা করেন। সেই সময় আচমকাই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাটিতে পড়ে যান তিনি।বিকট শব্দ ও চিৎকার শুনে স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে শ্যামলকে উদ্ধার করেন। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে মেলাঘর হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা করে মৃত বলে ঘোষণা করেন।শ্যামলের অকাল মৃত্যুতে পরিবারে নেমে এসেছে গভীর শোকের ছায়া। স্থানীয়দের অভিযোগ, বিদ্যুৎ দপ্তর সময়মতো ট্রান্সমিটারটি স্থায়ীভাবে মেরামত করলে এই দুর্ঘটনা এড়ানো সম্ভব ছিল। ঘটনার দায় নির্ধারণ করে দায়িত্বপ্রাপ্ত কর্মীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন ক্ষুব্ধ এলাকাবাসী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *