শান্তিরবাজার: দক্ষিণ ত্রিপুরার শান্তিরবাজারের মাস্টারপাড়া এলাকায় ভাড়া বাড়িতে বসবাসকারী দিনমজুর পরিবারের ৯ বছরের শিশু আয়ুষী দাস দীর্ঘদিন ধরে বোন টিউমারের সঙ্গে লড়াই করছে। বর্তমানে তার চিকিৎসার জন্য প্রয়োজন জরুরি অস্ত্রোপচার, কিন্তু আর্থিক সংকটে পড়েছে পরিবার।পরিবার সূত্রে জানা যায়, বিশ্বজিৎ দাস ও প্রিয়াঙ্কা দাসের দুই কন্যার মধ্যে বড় মেয়ে আয়ুষী শান্তিরবাজার দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের (বিদ্যাজ্যোতি) তৃতীয় শ্রেণির ছাত্রী। প্রায় চার বছর আগে তার পায়ে বোন টিউমার ধরা পড়ে। গত বছর জুলাই মাসে তার পায়ে বড় ধরনের অস্ত্রোপচার করা হয়। সেই চিকিৎসায় প্রায় সাড়ে তিন লক্ষ টাকা খরচ হয় বলে পরিবারের দাবি।রাজমিস্ত্রির কাজ করা বাবা এবং পরিচারিকার কাজ করা মা ধার-দেনা করে মেয়ের চিকিৎসার খরচ জোগাড় করেছিলেন। তবে চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী, অস্ত্রোপচারের পর পায়ে বসানো প্লেট দ্রুত খুলে ফেলতে হবে। পাশাপাশি পায়ে আরও ১৫ থেকে ২০টি ছোট টিউমার রয়েছে বলেও চিকিৎসকরা জানিয়েছেন।এই পরিস্থিতিতে পরবর্তী অস্ত্রোপচারের খরচ বহন করা দরিদ্র পরিবারের পক্ষে কঠিন হয়ে পড়েছে। তাই মেয়ের চিকিৎসার জন্য সমাজের সর্বস্তরের মানুষের কাছে আর্থিক সহায়তার আবেদন জানিয়েছেন অসহায় বাবা-মা। তাদের আশা, মানবিক মানুষের সহযোগিতায় আবারও স্বাভাবিক জীবনে ফিরতে পারবে ছোট্ট আয়ুষী।
৯ বছরের আয়ুষীকে বাঁচাতে সাহায্যের আবেদন, পাশে দাঁড়ানোর আকুতি পরিবারের
