আগরতলা: প্রয়াত অটোচালক টিংকু সাহার স্মৃতিকে সম্মান জানিয়ে স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করে নজির গড়ল তাঁর পরিবার ও পরিজনরা। সোমবার হাপানিয়া হাসপাতাল সংলগ্ন তাঁদের বাড়িতে এই রক্তদান শিবির অনুষ্ঠিত হয়।হাপানিয়া এলাকার বাসিন্দা টিংকু সাহা কিডনি-জনিত সমস্যায় আক্রান্ত হয়ে গত ৯ আগস্ট চিকিৎসাধীন অবস্থায় প্রয়াত হন। অসুস্থ থাকাকালীন হাসপাতালে চিকিৎসার জন্য তাঁর বেশ কয়েক ইউনিট রক্তের প্রয়োজন হয়েছিল। পরিবারের সদস্যরা বিভিন্নভাবে সেই রক্তের প্রয়োজন মেটানোর চেষ্টা করেছিলেন।সেই অভিজ্ঞতা থেকেই এবার অন্য মানুষের পাশে দাঁড়ানোর উদ্যোগ নেয় পরিবার। প্রয়াত টিংকু সাহার ছোট ভাই তথা হাসপাতালের সহকারী ম্যানেজার বিকাশ সাহার আহ্বানে তাঁর হাসপাতালের সহকর্মী, পাড়া-প্রতিবেশী ও আত্মীয়স্বজনরা স্বতঃস্ফূর্তভাবে রক্তদানে এগিয়ে আসেন।রক্তদাতাদের উৎসাহিত করতে শিবিরে উপস্থিত ছিলেন ত্রিপুরা মেডিকেল কলেজ হাসপাতালের মেডিকেল সুপার ডা. জয়ন্ত কুমার পোদ্দার, ডেপুটি সুপার ডা. গনজিৎ দেববর্মা, নার্সিং সুপার বীনামমা থমাস, ওএসডি নন্দন সরকার, বিকাশ সাহা-সহ পরিবারের সদস্যরা।প্রয়াত টিংকু সাহার স্মৃতিকে মানবসেবার সঙ্গে যুক্ত করে আয়োজিত এই উদ্যোগ সমাজে রক্তদানের গুরুত্ব ও মানবিকতার এক উজ্জ্বল বার্তা তুলে ধরেছে।
টিংকুর স্মরণে রক্তদান, মানবিকতার নজির পরিবারের
