উদয়পুরে ফের চুরির ঘটনায় চাঞ্চল্য। এবার বন্ধের দিনের সুযোগ নিয়ে উদয়পুরের খিলপাড়া ডাকঘরে হানা দিল চোরের দল। ডাকঘরের দরজা ভেঙে নগদ কয়েক লক্ষাধিক টাকা সহ বেশ কিছু সামগ্রী নিয়ে চম্পট দেওয়ার অভিযোগ উঠেছে।বৃহস্পতিবার প্রতিদিনের মতো ডাকঘর খুলতে যান কর্মী ননীগোপাল দাস। ভিতরে ঢুকেই তিনি দেখতে পান, ডাকঘরের বিভিন্ন জিনিসপত্র লন্ডভন্ড অবস্থায় পড়ে রয়েছে। বিষয়টি বুঝতে পেরে দ্রুত উদয়পুর জামতলা এলাকার ডাকঘর অফিসে খবর দেওয়া হয়।খবর পেয়ে সংশ্লিষ্ট আধিকারিকরা ঘটনাস্থলে এসে হিসাব-নিকাশ শুরু করেন। প্রাথমিকভাবে কয়েক লক্ষাধিক টাকা সহ বেশ কিছু সামগ্রী চুরি যাওয়ার বিষয়টি জানা যায়।ঘটনার পর রাধাকিশোরপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে। কীভাবে চোরেরা ডাকঘরে ঢুকল এবং কারা এই ঘটনার সঙ্গে জড়িত, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা।উদয়পুরে পরপর চুরির ঘটনায় নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে। এখন পুলিশের তদন্তে কত দ্রুত ঘটনার কিনারা হয় এবং চুরি যাওয়া টাকা ও সামগ্রী উদ্ধার করা সম্ভব হয়, সেটাই দেখার।
বন্ধের দিনে ডাকঘরে চোরের হানা, উধাও লক্ষাধিক টাকা!
