জাল নোটের কারবারের বিরুদ্ধে অভিযানে সাফল্য পেল বাইখোড়া থানার পুলিশ। গোপন সূত্রের ভিত্তিতে অভিযান চালিয়ে ৫০০ টাকার ৬টি জাল নোটসহ বাবুল মগ নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে।জানা যায়, আটক বাবুল মগ শান্তিরবাজার মহকুমার এমএলএ পাড়া এলাকার বাসিন্দা। তাঁর কাছ থেকে মোট ৩ হাজার টাকার জাল নোট উদ্ধার করে পুলিশ। অভিযানের পর তাঁকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু হয়েছে।শান্তিরবাজার মহকুমার পুলিশ আধিকারিক বাপ্পী দেববর্মা জানান, প্রাথমিকভাবে পুলিশের ধারণা, এই জাল নোটের কারবারের সঙ্গে বহিরাজ্যের একটি চক্র জড়িত থাকতে পারে। তদন্তের মাধ্যমে এই চক্রের মূলহোতাদের চিহ্নিত করার চেষ্টা চলছে।ঘটনায় বাইখোড়া থানায় ২০২৬ সালের ২৩ নম্বর মামলা নথিভুক্ত হয়েছে। অভিযুক্তের বিরুদ্ধে বিএনএস ২০২৩-এর ১৭৯/১৮০ ধারায় মামলা নেওয়া হয়েছে। তদন্তের মাধ্যমে জাল নোটের কারবারের আরও তথ্য সামনে আসে কি না, এখন সেদিকেই নজর পুলিশের।
৩ হাজার টাকার জাল নোটসহ বাইখোড়ায় আটক ব্যক্তি!
