রাজ্যে বি এম এস-এর নাম ও লোগো ব্যবহার করে একদল অসাধু ব্যক্তি তোলাবাজি সহ বিভিন্ন বেআইনি কর্মকাণ্ড চালাচ্ছে বলে গুরুতর অভিযোগ উঠেছে। এই ঘটনাকে কেন্দ্র করে উদ্বেগ প্রকাশ করেছে ভারতীয় মজদুর সংঘ (BMS) নেতৃত্ব। বুধবার পশ্চিম ত্রিপুরা জেলা কমিটির উদ্যোগে পুলিশ মহানির্দেশকের কাছে একটি লিখিত অভিযোগপত্র জমা দেওয়া হয়।সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, কিছু ব্যক্তি নিজেদের বি এম এস কর্মী পরিচয় দিয়ে ব্যবসায়ী ও সাধারণ মানুষের কাছ থেকে জোরপূর্বক অর্থ আদায় করছে। পাশাপাশি সংগঠনের নাম ব্যবহার করে বিভিন্ন অসামাজিক কাজের সঙ্গে জড়িয়ে পড়ায় সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্তি তৈরি হচ্ছে এবং সংগঠনের ভাবমূর্তিও ক্ষতিগ্রস্ত হচ্ছে।বি এম এস নেতৃত্বের দাবি, প্রকৃত সংগঠনের সঙ্গে এইসব ব্যক্তিদের কোনও সম্পর্ক নেই। তাই দ্রুত তদন্ত করে অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়েছে। এদিন প্রতিনিধিদল পুলিশ মহানির্দেশকের সঙ্গে সাক্ষাৎ করে বিষয়টির গুরুত্ব তুলে ধরেন।সংগঠনের নেতারা জানান, শ্রমিকদের স্বার্থরক্ষায় দীর্ঘদিন ধরে কাজ করে চলেছে বি এম এস। তাই সংগঠনের নাম ভাঙিয়ে কেউ যাতে অসাধু কার্যকলাপ চালাতে না পারে, সেদিকে প্রশাসনের কড়া নজরদারি প্রয়োজন বলেও তারা মত প্রকাশ করেন।
BMS-এর নাম ভাঙিয়ে তোলাবাজির অভিযোগ, ডিজির দ্বারস্থ শ্রমিক সংগঠনের নেতৃত্ব
