ভারতের জনগণনা ২০২৭-কে সামনে রেখে ঊনকোটি জেলায় গৃহতালিকা ও গৃহগণনা (HLO) সংক্রান্ত তিন দিনের জেলা স্তরের প্রশিক্ষণ কর্মসূচির শুভ সূচনা হয়েছে। বুধবার গৌরনগরস্থিত সার্কিট হাউসের কনফারেন্স হলে এই গুরুত্বপূর্ণ প্রশিক্ষণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।ঊনকোটি জেলার জেলা শাসক ও জেলা ম্যাজিস্ট্রেটের দপ্তরের উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে সহযোগিতা করছে জনগণনা কার্য পরিচালনালয়, ত্রিপুরা এবং ভারত সরকারের গৃহ মন্ত্রক। জনগণনা প্রক্রিয়াকে আরও স্বচ্ছ, নির্ভুল ও প্রযুক্তিনির্ভর করে তুলতেই এই প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে বলে জানা গেছে।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ত্রিপুরার জনগণনা কার্যক্রমের পরিচালক ও নাগরিক নিবন্ধন বিভাগের পরিচালক রতন বিশ্বাস এবং ঊনকোটি জেলার জেলা শাসক ও সমাহর্তা মেঘা জৈন সহ বিভিন্ন সরকারি দপ্তরের আধিকারিকরা।প্রশিক্ষণ কর্মসূচিতে গৃহতালিকা প্রস্তুতি, তথ্য সংগ্রহের পদ্ধতি, ডিজিটাল তথ্য সংরক্ষণ এবং জনগণনার সময় মাঠপর্যায়ে কর্মীদের দায়িত্ব সম্পর্কে বিস্তারিত ধারণা দেওয়া হবে। আধিকারিকদের মতে, সঠিক তথ্যভিত্তিক পরিকল্পনা গ্রহণ ও সরকারি পরিষেবা মানুষের কাছে পৌঁছে দিতে জনগণনা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।এই প্রশিক্ষণের মাধ্যমে জেলার সংশ্লিষ্ট আধিকারিক ও কর্মীদের আরও দক্ষ করে তোলার পাশাপাশি জনগণনা ২০২৭ সফলভাবে সম্পন্ন করার লক্ষ্যে প্রশাসন প্রস্তুতি জোরদার করেছে।
জনগণনা ২০২৭ প্রস্তুতিতে ঊনকোটিতে জেলা স্তরের প্রশিক্ষণ শুরু
