জম্পুইজলা মহকুমার প্রত্যন্ত উজান পাথালিয়া ঘাট এলাকার বেহাল রাস্তা নিয়ে ক্ষোভ বাড়ছে এলাকাবাসী ও যানবাহন চালকদের মধ্যে। অভিযোগ, প্রায় তিন বছর ধরে রাস্তার সংস্কার না হওয়ায় প্রতিদিনই দুর্ভোগ পোহাতে হচ্ছে সাধারণ মানুষকে।বিশ্রামগঞ্জ–দেওয়ানবাজারের ১১ নম্বর টিএসআর ব্যাটেলিয়ন হেডকোয়ার্টারের সামনে জাতীয় সড়ক থেকে শুরু হয়ে পাথালিয়া ঘাট, উজান পাথালিয়া ঘাট হয়ে গুনিরাইবাড়ি পর্যন্ত বিস্তৃত এই রাস্তাটির বিভিন্ন অংশে তৈরি হয়েছে বড় বড় গর্ত। বর্ষায় সেই গর্তে জল জমে রাস্তা কার্যত পুকুরের চেহারা নেয়। ফলে বাইক, সাইকেল, অটো থেকে শুরু করে অন্যান্য যানবাহন চলাচলেও তৈরি হচ্ছে চরম সমস্যা।স্থানীয়দের দাবি, এই রাস্তা দিয়ে চলাচল করতে গিয়ে ইতিমধ্যেই একাধিক ছোট-বড় দুর্ঘটনা ঘটেছে। আহত হয়েছেন বহু মানুষ। পথচারীদেরও রাস্তা পারাপারে সমস্যায় পড়তে হচ্ছে। বিশেষ করে বর্ষাকালে স্কুল-কলেজের ছাত্রছাত্রীদের জুতো হাতে নিয়ে যাতায়াত করতে হচ্ছে বলে অভিযোগ।শুধু যাতায়াত নয়, রাস্তার দুরবস্থার প্রভাব পড়েছে কৃষকদের উপরও। উৎপাদিত ফসল বিশ্রামগঞ্জ বাজারে নিয়ে যেতে গিয়ে সমস্যায় পড়ছেন তাঁরা। অটোচালকদের অভিযোগ, রাস্তার গর্তের কারণে গাড়ির বিভিন্ন যন্ত্রাংশ দ্রুত নষ্ট হচ্ছে এবং ঘন ঘন মেরামত করতে হচ্ছে।এলাকাবাসীর অভিযোগ, বিষয়টি জম্পুইজলা ব্লক প্রশাসন এবং টাকারজলা পিডব্লিউডি দপ্তরকে জানানো হলেও এখনও পর্যন্ত কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। তাঁদের আরও অভিযোগ, ভোটের পর এলাকার নতুন এমডিসি বুদ্ধকুমার দেববর্মার সঙ্গেও সমস্যাটি নিয়ে সরাসরি কথা বলার সুযোগ তাঁরা পাচ্ছেন না।স্থানীয়দের বক্তব্য, সমতল এলাকায় রাস্তা উন্নয়নের কাজ হলেও পাহাড়ি এলাকায় সেই তুলনায় উন্নয়ন হচ্ছে না। তাই দ্রুত উজান পাথালিয়া ঘাটের রাস্তা সংস্কারের দাবি জানিয়েছেন তাঁরা।সামনেই ভিলেজ কমিটি নির্বাচন। স্থানীয় কয়েকজন প্রবীণ নাগরিকের বক্তব্য, নির্বাচনের সময় ভোট চাইতে নেতারা এলাকায় এলে এবার তাঁদের প্রথম দাবি হবে বেহাল রাস্তার দ্রুত সংস্কার। প্রশাসন দ্রুত ব্যবস্থা না নিলে আগামী দিনে ক্ষোভ আরও বাড়তে পারে বলে আশঙ্কা এলাকাবাসীর।
তিন বছর ধরে বেহাল রাস্তা, ক্ষোভে ফুঁসছেন উজান পাথালিয়ার বাসিন্দারা!
