আগরতলার আইজিএম হাসপাতালের লিফট পরিষেবা অচল হয়ে পড়ায় চরম দুর্ভোগে রোগী ও তাঁদের পরিজনরা। জানা গেছে, সকাল থেকে হাসপাতালের তিনটি লিফটের মধ্যে মাত্র একটি লিফট সচল ছিল। অতিরিক্ত চাপের কারণে সেটিও অচল হয়ে যাওয়ায় কার্যত বিপাকে পড়েছেন সকলে।বিকল্প র্যাম্প বা অন্য কোনো ব্যবস্থা না থাকায় অসুস্থ রোগীদের নিয়েই ছয় তলা পর্যন্ত সিঁড়ি দিয়ে উঠতে হচ্ছে পরিজনদের। এমনকি হাসপাতালের পরিষেবায় নিয়োজিত কর্মীদেরও অপারেশনের সামগ্রী নিয়ে দীর্ঘক্ষণ লিফটের সামনে অপেক্ষা করতে দেখা যায়।গোপন ক্যামেরায় এক বেসরকারি নিরাপত্তাকর্মী জানান, রোগীদের নিয়ে ছয় তলা পর্যন্ত সিঁড়ি দিয়ে ওঠার দুর্ভোগের কথা। অন্যদিকে, ঘন ঘন বিদ্যুৎ চলে যাওয়ায় প্রচণ্ড গরমে রোগী ও পরিজনদের দুর্ভোগ আরও বেড়েছে বলে অভিযোগ।হাসপাতালের এই পরিস্থিতি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন রোগীর পরিজনরাও। তাঁদের অভিযোগ, রাজ্যের অন্যতম প্রধান সরকারি হাসপাতাল হওয়া সত্ত্বেও জরুরি পরিষেবার জন্য পর্যাপ্ত বিকল্প ব্যবস্থা নেই।লিফট বিকল হওয়া এবং বিদ্যুৎ বিভ্রাটের পাশাপাশি বহুতল হাসপাতাল ভবনে জরুরি পরিস্থিতিতে রোগী পরিবহনের বিকল্প ব্যবস্থা ও পর্যাপ্ত ব্যাকআপ পাওয়ারের প্রয়োজনীয়তা নিয়েও প্রশ্ন উঠছে। দ্রুত লিফট পরিষেবা স্বাভাবিক করার পাশাপাশি স্থায়ী বিকল্প ব্যবস্থা ও নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের দাবি জানিয়েছেন রোগী ও তাঁদের পরিজনরা।
আইজিএম হাসপাতালে অচল লিফট, ৬ তলা সিঁড়ি ভেঙে উঠছেন রোগী-পরিজন!
