ত্রিপুরার উত্তর জেলার বাগবাসা বিধানসভা এলাকার কালাছড়া পিএম-শ্রী বিদ্যালয়ের নবনির্মিত তিতল ভবন উদ্বোধনের আগেই বিভিন্ন অংশে ফাটল দেখা দেওয়ায় চাঞ্চল্য ছড়িয়েছে। প্রায় ৮ কোটি ৬৬ লক্ষ টাকা ব্যয়ে নির্মিত ভবনের কাজের গুণমান নিয়ে প্রশ্ন তুলেছেন স্থানীয়রা।স্থানীয়দের অভিযোগ, নির্মাণকাজে নিম্নমানের সামগ্রী ব্যবহারের পাশাপাশি অনিয়ম হয়েছে। বিষয়টি নিয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক, জেলাশাসক ও আরডি দপ্তরে আরটিআই আবেদন করা হলেও এখনও সন্তোষজনক উত্তর মেলেনি বলে অভিযোগ। আরটিআই জমা পড়ার পর ভবনের বিভিন্ন অংশে মেরামতির কাজ শুরু হওয়ায় নতুন করে প্রশ্ন উঠেছে।বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিপ্রদীপ ভট্টাচার্য জানান, ভবনটির নির্মাণকাজের ওয়ার্ক অর্ডারের মূল্য প্রায় ৮ কোটি ৬৬ লক্ষ টাকা। মুখ্যমন্ত্রী ভবনটির ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন বলেও জানান তিনি। তবে নির্মাণকাজ শেষ হলেও ভবনটি এখনও বিদ্যালয় কর্তৃপক্ষের কাছে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়নি। নিম্নমানের কাজের সম্ভাবনা থাকলেও ঠিক কী ধরনের অনিয়ম হয়েছে, তা তাঁর জানা নেই বলে জানান প্রধান শিক্ষক।বিদ্যালয়ের এসএমসি কমিটির সদস্য আবদুল কাদিরের অভিযোগ, নির্মাণকাজ পর্যবেক্ষণের জন্য আগে একটি মনিটরিং কমিটি থাকলেও সংশ্লিষ্ট প্রধান শিক্ষক বদলি হওয়ার পর সেই নজরদারি কার্যত অকার্যকর হয়ে পড়ে। তাঁর দাবি, হ্যান্ডওভার হওয়ার আগেই ভবনের চারটি কোণসহ বিভিন্ন জায়গায় ফাটল দেখা দিয়েছে।এদিকে স্থানীয় সূত্রের মাধ্যমে নির্মাণকাজে দুর্নীতি ও ঘুষ লেনদেনের অভিযোগও সামনে এসেছে। তবে এসব অভিযোগের স্বতন্ত্র প্রমাণ বা সরকারি নিশ্চিতকরণ এখনও পাওয়া যায়নি।ভবনের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করে স্থানীয়দের দাবি, দ্রুত নির্মাণকাজের গুণমান পরীক্ষা ও নিরপেক্ষ তদন্ত করা হোক। ভবিষ্যতে এই ভবনে বহু ছাত্রছাত্রী পড়াশোনা করবে। তাই কাঠামোগত নিরাপত্তায় কোনও ত্রুটি থাকলে তার দায়ভার কে নেবে—এমন প্রশ্নও তুলেছেন তাঁরা। মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপে গোটা বিষয়টি তদন্ত করে দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয়রা।
উদ্বোধনের আগেই স্কুল ভবনে ফাটল! ৮.৬৬ কোটির নির্মাণকাজ ঘিরে প্রশ্ন
