Headlines

ঘরে অগ্নিদগ্ধ মা ও ১৮ মাসের শিশু, হাসপাতালে মৃত্যু শিশুর

দক্ষিণ ত্রিপুরার বিলোনিয়া মহকুমার হৃষ্যমুখ ব্লকের নলুয়া বরজ কলোনিতে মর্মান্তিক অগ্নিকাণ্ডের ঘটনায় মৃত্যু হয়েছে ১৮ মাসের এক শিশুর। একই ঘটনায় শিশুটির মা গুরুতর অগ্নিদগ্ধ হয়ে বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।স্থানীয় সূত্রে জানা যায়, নলুয়া বরজ কলোনির বাসিন্দা চিরঞ্জিত মজুমদারের স্ত্রী ও তাঁর ১৮ মাসের শিশুসন্তান ঘরের ভিতরে থাকাকালীন অগ্নিদগ্ধ হন। বিষয়টি নজরে আসার পর স্থানীয় বাসিন্দারা দ্রুত তাঁদের উদ্ধার করে নলুয়া প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যান।সেখান থেকে মা ও শিশুকে উন্নত চিকিৎসার জন্য শান্তিরবাজার জেলা হাসপাতালে রেফার করা হয়। কিন্তু হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ১৮ মাসের শিশুটির মৃত্যু হয়। শিশুটির মা বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন।স্থানীয়দের বক্তব্য অনুযায়ী, ঘটনার সময় পরিবারের অন্যান্য সদস্যরা পান বড়া-সহ বিভিন্ন কাজে ব্যস্ত ছিলেন। সেই সময়ই ঘরের ভিতরে মা ও শিশুকে ঘিরে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে বলে জানা গেছে। তবে কীভাবে আগুনের সূত্রপাত হয়, তা এখনও স্পষ্ট নয়।এই ঘটনাকে কেন্দ্র করে নলুয়া বরজ কলোনি এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। দুর্ঘটনার প্রকৃত কারণ খতিয়ে দেখা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *