২০২৪ সালে ভারত সরকার ও ত্রিপুরা সরকারের সঙ্গে স্বাক্ষরিত চুক্তির শর্ত যথাযথভাবে বাস্তবায়ন করা হয়নি—এই অভিযোগে আগামী ৪ সেপ্টেম্বর থেকে ৭২ ঘণ্টার ত্রিপুরা বনধের ডাক দিয়েছে বিভিন্ন আত্মসমর্পণকারী জঙ্গি সংগঠনের নেতৃত্ব।বৃহস্পতিবার আগরতলা প্রেস ক্লাবে আয়োজিত সাংবাদিক সম্মেলনে সংগঠনের নেতৃবৃন্দ অভিযোগ করেন, চুক্তি স্বাক্ষরের পর দীর্ঘ সময় পেরিয়ে গেলেও তার একাধিক শর্ত এখনও বাস্তবায়িত হয়নি। এর প্রতিবাদেই বনধ ও আন্দোলনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান তারা।এনএলএফটি সভাপতি প্রসেনজিৎ দেববর্মা জানান, বনধ চলাকালীন বিভিন্ন স্থানে জমায়েত ও আন্দোলন কর্মসূচি পালন করা হবে। প্রশাসনের পক্ষ থেকে আন্দোলনকারীদের উপর বলপ্রয়োগ করা হলে পরিস্থিতি আরও জটিল হতে পারে বলেও হুঁশিয়ারি দেন তিনি।দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন ও বনধ কর্মসূচি চালিয়ে যাওয়ার কথা জানিয়েছেন সংগঠনের নেতারা। বনধকে ঘিরে রাজ্যে জনজীবন ও যান চলাচলে প্রভাব পড়ার আশঙ্কা তৈরি হয়েছে।
২০২৪ সালের চুক্তি বাস্তবায়নের দাবিতে ৪ সেপ্টেম্বর থেকে ৭২ ঘণ্টার ত্রিপুরা বনধের ডাক
