এসআইআর বা ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়ার স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিয়ে ফের প্রশ্ন তুলল ত্রিপুরা প্রদেশ কংগ্রেস। এ বিষয়ে দলের অবস্থান তুলে ধরেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা।কংগ্রেসের অভিযোগ, এসআইআর প্রক্রিয়ায় যুক্ত বিএলওদের ওপর বিভিন্নভাবে চাপ সৃষ্টি করা হচ্ছে এবং তাঁদের প্রভাবিত করার চেষ্টা চলছে। পাশাপাশি, বিএলওদের তৈরি করা ড্রাফট ভোটার তালিকার তথ্য ফাঁস হওয়ার অভিযোগও তুলেছে দলটি।বিরোধী দলের দাবি, বিএলও, এআরও-সহ এসআইআর প্রক্রিয়ার সঙ্গে যুক্ত সমস্ত আধিকারিককে সম্পূর্ণ নিরপেক্ষতা বজায় রেখে কাজ করতে হবে। বাড়ি বাড়ি ভোটার তালিকা তৈরির সময় প্রস্তুত হওয়া ড্রাফট তালিকার ডিজিটাল কপি রাজনৈতিক দলগুলির হাতে দেওয়ার দাবিও জানানো হয়েছে।এদিকে আগামী ১২ সেপ্টেম্বর রবীন্দ্র শতবার্ষিকী ভবনে কংগ্রেসের বুথ লেভেল কার্যকর্তাদের নিয়ে একটি গুরুত্বপূর্ণ কর্মশালা অনুষ্ঠিত হবে বলে জানান আশিস কুমার সাহা। কর্মশালায় বিভিন্ন বুথের দায়িত্বপ্রাপ্ত কর্মী ও মণ্ডল নেতৃত্ব অংশ নেবেন।কংগ্রেসের বক্তব্য, অন্যান্য রাজ্যে এসআইআর নিয়ে যে ধরনের অভিযোগ ও জনঅসন্তোষ তৈরি হয়েছে, তেমন পরিস্থিতি যাতে ত্রিপুরায় না হয়, তা নিশ্চিত করতে হবে। এসআইআর প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ, নিরপেক্ষ ও নিয়ম মেনে পরিচালনার জন্য নির্বাচন আধিকারিকদের প্রতি আহ্বান জানিয়েছে প্রদেশ কংগ্রেস।
এসআইআর নিয়ে কংগ্রেসের প্রশ্ন, ১২ সেপ্টেম্বর গুরুত্বপূর্ণ কর্মশালা আগরতলায়
