আগরতলা, ৫ সেপ্টেম্বর: ‘Probity for Prosperity’—অর্থাৎ ‘সততা থেকে সমৃদ্ধি’ এই মূলভাবকে সামনে রেখে ত্রিপুরা গ্রামীণ ব্যাঙ্কে অনুষ্ঠিত হল ভিজিল্যান্স সচেতনতা কর্মসূচি। ১৭ আগস্ট থেকে ১৬ নভেম্বর পর্যন্ত চলা তিন মাসব্যাপী ভিজিল্যান্স সচেতনতা অভিযানের অংশ হিসেবেই এই কর্মসূচির আয়োজন করা হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ত্রিপুরা সরকারের আইন দপ্তরের সচিব শ্রীমতী শঙ্করী দাস। পাশাপাশি উপস্থিত ছিলেন ব্যাঙ্কের ঊর্ধ্বতন আধিকারিক ও কর্মীরা।অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে ব্যাঙ্কের চেয়ারম্যান সততা, স্বচ্ছতা ও জবাবদিহিতাকে প্রতিষ্ঠানের প্রতি মানুষের আস্থা এবং দীর্ঘমেয়াদি অগ্রগতির অন্যতম ভিত্তি হিসেবে তুলে ধরেন। তাঁর বক্তব্যে উঠে আসে, ভিজিল্যান্স শুধু অনিয়ম শনাক্ত করার বিষয় নয়; বরং অনিয়ম প্রতিরোধ, ব্যবস্থার উন্নয়ন, প্রক্রিয়া শক্তিশালীকরণ এবং নৈতিক সিদ্ধান্ত গ্রহণের ধারাবাহিক প্রক্রিয়া।ব্যাঙ্কের কর্মীদের নির্ধারিত নিয়ম ও প্রক্রিয়া মেনে দায়িত্ব পালনের পাশাপাশি গ্রাহকদের স্বার্থ রক্ষা এবং আরও স্বচ্ছ ও জবাবদিহিমূলক ব্যাঙ্কিং ব্যবস্থা গড়ে তোলার আহ্বান জানানো হয়।চেয়ারম্যান বলেন, “সততা আস্থা তৈরি করে, আস্থা বিশ্বাসযোগ্যতা তৈরি করে এবং বিশ্বাসযোগ্যতাই টেকসই সমৃদ্ধির পথ প্রশস্ত করে।”আগামী ২৬ অক্টোবর থেকে ১ নভেম্বর ২০২৬ পর্যন্ত ভিজিল্যান্স সচেতনতা সপ্তাহ পালনের মধ্য দিয়ে এই অভিযানে আরও বিশেষ গুরুত্ব দেওয়া হবে। কর্মসূচির মাধ্যমে সততা, স্বচ্ছতা, জবাবদিহিতা ও সুশাসনের সংস্কৃতি আরও শক্তিশালী করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে ত্রিপুরা গ্রামীণ ব্যাঙ্ক।
‘সততা থেকে সমৃদ্ধি’—ত্রিপুরা গ্রামীণ ব্যাঙ্কে ভিজিল্যান্স সচেতনতা কর্মসূচি
