অবরোধের পাশাপাশি রেললাইনে ধসের জেরে চরম দুর্ভোগে পড়েছেন ত্রিপুরার বিভিন্ন প্রান্তের যাত্রীরা। ধর্মনগর রেল স্টেশনে আটকে রয়েছেন বহু যাত্রী। ব্যাহত হয়েছে শিয়ালদহ–সাব্রুম কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের পরিষেবাও।জানা গেছে, শিয়ালদহ থেকে আসা কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস ধর্মনগর পর্যন্ত এসে থেমে যায়। আগরতলা, তেলিয়ামুড়া, উদয়পুর, সাব্রুম-সহ ত্রিপুরার বিভিন্ন এলাকার যাত্রীরা ধর্মনগরে নেমে পড়লেও পরবর্তী সময়ে গন্তব্যে পৌঁছানো নিয়ে তৈরি হয় অনিশ্চয়তা।অন্যদিকে, ধর্মনগর থেকে ট্রেনটি সকাল প্রায় ১১টা নাগাদ পুনরায় শিয়ালদহের উদ্দেশ্যে রওনা হওয়ায় স্টেশনে অপেক্ষারত যাত্রীরাও সমস্যায় পড়েন। সড়কপথে অবরোধ ও যোগাযোগ ব্যবস্থার সমস্যার সঙ্গে রেল পরিষেবা ব্যাহত হওয়ায় কার্যত দুই দিক থেকেই বিপাকে সাধারণ মানুষ।ধর্মনগর স্টেশন চত্বরে দীর্ঘক্ষণ ধরে অপেক্ষা করতে দেখা যায় বহু যাত্রীকে। শিশু ও বয়স্কদের নিয়ে অপেক্ষা করতে গিয়ে আরও দুর্ভোগে পড়েছেন পরিবারগুলি।রেললাইনে ধসের কারণে উত্তরবঙ্গ ও পূর্বাঞ্চলের একাধিক ট্রেনের পরিষেবা ব্যাহত হয়েছে বলে জানা গেছে। ক্ষতিগ্রস্ত লাইনে মেরামতির কাজ চালাচ্ছে রেল কর্তৃপক্ষ।আটকে পড়া যাত্রীদের দাবি, পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত বিকল্প পরিবহণের ব্যবস্থা এবং ট্রেন চলাচল নিয়ে দ্রুত ও সঠিক তথ্য দেওয়া হোক। প্রশাসন ও রেল কর্তৃপক্ষের সমন্বিত উদ্যোগের দাবিও উঠেছে।
অবরোধ-রেল বিপর্যয়ে ধর্মনগরে যাত্রী দুর্ভোগ, ব্যাহত কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসও!
