৭২ ঘণ্টার জাতীয় সড়ক ও রেলপথ অবরোধের ২৪ ঘণ্টা পেরিয়ে গেলেও কাটেনি অচলাবস্থা। আত্মসমর্পণকারী জঙ্গিগোষ্ঠীর ডাকা এই অবরোধে আসাম–আগরতলা জাতীয় সড়কের হাতায়কতর, চন্দ্র সাধুপাড়াসহ বিভিন্ন এলাকায় আটকে রয়েছে দূরপাল্লার বাস, লরি ও অসংখ্য যানবাহন।বড়মুড়া অবরোধস্থলে দীর্ঘক্ষণ আটকে পড়েছেন শিশু থেকে শুরু করে মহিলা, প্রবীণ ও অসুস্থ যাত্রীরা। ভাড়া গাড়িতে গন্তব্যের উদ্দেশে বেরিয়েও মাঝপথে আটকে পড়ায় চরম দুর্ভোগে পড়েছেন বহু মানুষ।একইভাবে রেলপথ অবরোধের জেরে আমবাসা, মনু, কুমারঘাটসহ বিভিন্ন স্টেশনে আটকে রয়েছে ট্রেন ও যাত্রীরা। দীর্ঘ অপেক্ষায় খাবার, পানীয় জল ও শৌচাগার ব্যবহারে সমস্যার অভিযোগ উঠেছে। কোথাও কোথাও স্টেশন চত্বরের পরিচ্ছন্নতাও বিঘ্নিত হয়ে দুর্গন্ধে দুর্বিষহ পরিস্থিতি তৈরি হয়েছে।অন্যদিকে, জাতীয় সড়কে পণ্যবাহী লরি আটকে থাকায় নিত্যপ্রয়োজনীয় সামগ্রীর সরবরাহ নিয়েও উদ্বেগ বাড়ছে ব্যবসায়ী মহলে।অবরোধকারীদের ১১ দফা দাবিকে ঘিরে তৈরি এই অচলাবস্থা ২৪ ঘণ্টা পেরিয়েও অব্যাহত। সরকারের সঙ্গে এখনও সমাধানসূত্র না মেলায় কবে স্বাভাবিক হবে সড়ক ও রেল যোগাযোগ—এখন সেই প্রশ্নেই তাকিয়ে সাধারণ মানুষ।
৭২ ঘণ্টার অবরোধে থমকে ত্রিপুরা, বড়মুড়ায় দুর্ভোগে শিশু-বৃদ্ধ
