ত্রিপুরা স্ব-শাসিত জেলা পরিষদের ভিলেজ কমিটি নির্বাচনকে ঘিরে লেফুঙ্গা ব্লকে দেখা গেল ভিন্ন চিত্র। ব্লকের ১০টি ভিলেজ কমিটির মধ্যে এখনও পর্যন্ত শাসক বিজেপি, বিরোধী সিপিআইএম-কংগ্রেস কিংবা জোটসঙ্গী আইপিএফটির পক্ষ থেকে কোনও মনোনয়ন জমা পড়েনি। ফলে আপাতত শাসক-বিরোধী শূন্য লেফুঙ্গা।অন্যদিকে, লেফুঙ্গা ব্লকের ৫টি ভিলেজ কমিটি থেকে তিপ্রা মথার মনোনীত মোট ৩৯ জন প্রার্থী ইতিমধ্যেই মনোনয়নপত্র জমা দিয়েছেন। বাকি ভিলেজ কমিটিগুলিতে মনোনয়ন জমা দেওয়ার প্রক্রিয়া আজ সম্পন্ন হওয়ার কথা।নির্বাচনের প্রস্তুতি নিয়ে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে লেফুঙ্গা ব্লকের বিডিও তথা রিটার্নিং অফিসার প্রসেনজিৎ ভৌমিক জানান, সুষ্ঠু, স্বাভাবিক ও নির্ভীকভাবে নির্বাচন সম্পন্ন করতে প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। ভোটারদের নির্ভয়ে ভোটকেন্দ্রে গিয়ে নিজেদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করার আহ্বানও জানান তিনি।পাশাপাশি নির্বাচনকে কেন্দ্র করে নিরাপত্তা ও প্রশাসনিক ব্যবস্থাপনা নিয়ে বিস্তারিত তথ্য তুলে ধরেন রিটার্নিং অফিসার প্রসেনজিৎ ভৌমিক।
লেফুঙ্গায় শাসক-বিরোধী শূন্য! ৫ ভিলেজ কমিটিতে তিপ্রা মথার ৩৯ প্রার্থী
