দক্ষিণ ত্রিপুরার ঈশ্বর চন্দ্র বিদ্যাসাগর কলেজ-এ দীর্ঘদিন ধরে শিক্ষক ও অশিক্ষক কর্মচারীর তীব্র সংকট নিয়ে সরব হল ছাত্র সংসদ। কলেজের বর্তমান পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে ডেপুটেশন প্রদান করেছে ছাত্রছাত্রীরা।ছাত্র সংসদের অভিযোগ, প্রায় ৭ হাজার শিক্ষার্থীর জন্য বর্তমানে মাত্র ৪০ জন শিক্ষক কর্মরত রয়েছেন, যা শিক্ষার মান ও প্রশাসনিক কার্যক্রম পরিচালনায় বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। বাণিজ্য, প্রাণিবিজ্ঞান, ইংরেজি ও শিক্ষা বিভাগের একাধিক শিক্ষককে অন্যত্র বদলি বা ডেপুটেশনে পাঠানো হলেও এখনও পর্যন্ত নতুন শিক্ষক নিয়োগ করা হয়নি।শুধু শিক্ষক নয়, অশিক্ষক কর্মচারীর ক্ষেত্রেও সংকট চরমে পৌঁছেছে বলে দাবি ছাত্র সংসদের। একজন গ্রন্থাগারিক ও একজন সিনিয়র গ্রুপ-সি কর্মচারীকে বদলি করা হলেও তাঁদের পরিবর্তে কাউকে নিয়োগ করা হয়নি। পাশাপাশি, কয়েকজন দৈনিক মজুরিভিত্তিক কর্মী কাজ হারিয়েছেন বলেও অভিযোগ উঠেছে। সম্প্রতি কয়েকজন জ্যেষ্ঠ শিক্ষকের অবসর গ্রহণের ফলে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে বলে জানানো হয়েছে।এই অবস্থায় ইতিহাস বিভাগের শিক্ষক শ্রী সুশীল কলই-এর বদলি আদেশ কলেজের পরিস্থিতিকে আরও সংকটজনক করে তুলবে বলে দাবি ছাত্র সংসদের। তাঁদের দাবি, বদলি আদেশ স্থগিত রাখা হোক অথবা অবিলম্বে একজন বিকল্প শিক্ষক নিয়োগ করা হোক, যাতে শিক্ষা কার্যক্রম স্বাভাবিকভাবে চালানো সম্ভব হয়।ছাত্র সংসদের পক্ষ থেকে স্পষ্ট জানানো হয়েছে, আগামী সোমবারের মধ্যে যদি এই বিষয়ে কার্যকরী পদক্ষেপ গ্রহণ না করা হয়, তাহলে ছাত্রছাত্রীদের স্বার্থে গণতান্ত্রিক আন্দোলনে নামতে বাধ্য হবে তারা।
শিক্ষক সংকটে বেলোনিয়া কলেজ, আন্দোলনের হুঁশিয়ারি ছাত্র সংসদের
