Headlines

থানার CCTV ২৪ ঘণ্টা চালু রাখার নির্দেশ, রেকর্ড সংরক্ষণে কড়া বার্তা হাইকোর্টের

রাজ্যের বিভিন্ন থানায় CCTV ব্যবস্থাকে আরও কার্যকর ও নির্ভরযোগ্য করতে গুরুত্বপূর্ণ নির্দেশ দিল ত্রিপুরা উচ্চ আদালত। বৃহস্পতিবার প্রধান বিচারপতির নেতৃত্বাধীন ডিভিশন বেঞ্চ নির্দেশ দিয়েছে, রাজ্যের প্রতিটি থানায় CCTV ক্যামেরা ২৪ ঘণ্টা চালু রাখতে হবে এবং কোনও ক্যামেরা অকেজো অবস্থায় রাখা যাবে না।আদালতের নির্দেশ অনুযায়ী, থানার CCTV-র রেকর্ডিং যথাযথভাবে সংরক্ষণ করতে হবে। CCTV ব্যবস্থা খারাপ হলে সংশ্লিষ্ট থানার ওসিকে বিষয়টি জেলা পর্যায়ের নজরদারি কমিটিকে জানাতে হবে এবং দ্রুত ক্যামেরা মেরামত বা প্রতিস্থাপনের ব্যবস্থা করতে হবে।থানায় গ্রেপ্তার, জিজ্ঞাসাবাদসহ গুরুত্বপূর্ণ কার্যকলাপের ক্ষেত্রে CCTV নজরদারি ও রেকর্ড সংরক্ষণের ওপরও গুরুত্ব দিয়েছে আদালত। এই নির্দেশগুলি সুপ্রিম কোর্টের CCTV সংক্রান্ত পূর্ববর্তী নির্দেশনার সঙ্গে সামঞ্জস্য রেখে কার্যকর করার কথা বলা হয়েছে।সিনিয়র আইনজীবী পুরুষোত্তম রায় বর্মন জানান, বৃহস্পতিবার উচ্চ আদালত রাজ্যের আরক্ষা প্রশাসনকে এই নির্দেশ দিয়েছে।থানার অভ্যন্তরে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করার ক্ষেত্রে এই নির্দেশকে গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। এখন রাজ্যের প্রতিটি থানায় CCTV ব্যবস্থার কার্যকারিতা ও রেকর্ড সংরক্ষণ কীভাবে নিশ্চিত করা হয়, সেদিকেই নজর থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *