বামুটিয়া: ১৩ দিন ধরে নিখোঁজ থাকার পর বামুটিয়া বাজার সংলগ্ন একটি ইটভাটা থেকে এক যুবকের পচাগলা ঝুলন্ত মৃতদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। সোমবার সকালে মৃতদেহটি উদ্ধার হয়।জানা যায়, মৃত যুবকের নাম চন্দন সরকার (প্রায় ২৮)। তিনি সিধাই থানাধীন উত্তর তালতলা এলাকার বাসিন্দা। পরিবারের দাবি, গত ১৩ দিন ধরে চন্দন নিখোঁজ ছিলেন। তাঁর সন্ধান না পেয়ে পরিবারের পক্ষ থেকে সিধাই থানায় নিখোঁজ সংক্রান্ত ডায়েরিও করা হয়েছিল।সোমবার সকালে লেফুঙ্গা থানাধীন বামুটিয়া বাজার এলাকার একটি ইটভাটা থেকে দুর্গন্ধ ছড়ালে বিষয়টি স্থানীয়দের নজরে আসে। পরে সেখানে গিয়ে ঝুলন্ত অবস্থায় চন্দন সরকারের পচাগলা মৃতদেহ দেখতে পান স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে এবং পরিচয় শনাক্ত করা হয়।পরিবারের অভিযোগ, নিখোঁজের পর থানায় জানানো হলেও দীর্ঘ সময় ধরে তাঁর সন্ধান মেলেনি। শেষ পর্যন্ত ১৩ দিন পর ইটভাটার ভিতর থেকে তাঁর মৃতদেহ উদ্ধারের ঘটনায় পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছে পরিবার।প্রাথমিকভাবে পারিবারিক কলহের জেরে চন্দন আত্মহত্যার পথ বেছে নিয়েছেন বলে পরিবারের পক্ষ থেকে দাবি করা হয়েছে। তবে মৃত্যুর প্রকৃত কারণ জানতে পুলিশ তদন্ত শুরু করেছে। মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে বলে জানা গেছে।
১৩ দিন পর ইটভাটায় উদ্ধার নিখোঁজ যুবকের পচাগলা ঝুলন্ত দেহ
