বিশ্বকর্মা পূজার আনন্দের মধ্যেই উত্তেজনা ছড়াল উদয়পুর মহকুমার জোয়ালীখামার এলাকায়। পূজার রাতে বাড়ির সামনে রাখা গাড়ি ভাঙচুর এবং পরিবারের সদস্যদের উপর হামলার অভিযোগ উঠেছে দুই ব্যক্তির বিরুদ্ধে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য দেখা দিয়েছে।স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিবছরের মতো এ বছরও জোয়ালীখামার এলাকার বাসিন্দা টুটন দাশের বাড়িতে বিশ্বকর্মা পূজার আয়োজন করা হয়। পূজাকে কেন্দ্র করে আত্মীয়-স্বজন ও প্রতিবেশীদের উপস্থিতিতে বাড়িতে ছিল উৎসবের পরিবেশ। কিন্তু রাত গভীর হতেই সেই আনন্দের পরিবেশ বদলে যায় উত্তেজনায়।টুটন দাশের অভিযোগ, রাত আনুমানিক ১টা থেকে দেড়টার মধ্যে কমল নমঃ ও শ্যামল দাশ তার বাড়ির সামনে এসে রাস্তায় রাখা একটি গাড়ি কার, তা জানতে চান। তিনি জানান, গাড়িটি তার এক আত্মীয়ের। এরপর রাস্তায় গাড়ি রাখা নিয়ে আপত্তি জানানো হলে দু’পক্ষের মধ্যে কথা কাটাকাটি শুরু হয় বলে অভিযোগ।টুটন দাশের দাবি, একপর্যায়ে বচসা হাতাহাতিতে গড়ায়। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে পরিবারের মহিলা সদস্যসহ অন্যরা আতঙ্কিত হয়ে পড়েন। এমনকি ভয়ে পরিবারের কয়েকজন সদস্য রাতের অন্ধকারে জঙ্গলে আশ্রয় নিতে বাধ্য হন বলেও অভিযোগ করেছেন তিনি।অভিযোগ অনুযায়ী, টুটন দাশের আত্মীয়ের TR01 AC0708 নম্বরের গাড়িটিও ভাঙচুর করা হয়েছে। পাশাপাশি বাড়ির মহিলা সদস্যদের উপর হাত তোলার অভিযোগও উঠেছে।ঘটনার পর সোমবার টুটন দাশ ও তার পরিবারের সদস্যরা উদয়পুর মহিলা থানায় গিয়ে কমল নমঃ ও শ্যামল দাশের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে বলে জানা গেছে।স্থানীয়দের বক্তব্য, বিশ্বকর্মা পূজার মতো সামাজিক ও ধর্মীয় অনুষ্ঠানের রাতে এমন ঘটনায় এলাকায় আতঙ্ক তৈরি হয়েছে। ঘটনার নিরপেক্ষ তদন্ত করে প্রকৃত ঘটনা সামনে আনার দাবি জানিয়েছেন তারা।তবে অভিযুক্তদের বক্তব্য এবং পুলিশের পক্ষ থেকে ঘটনার বিষয়ে বিস্তারিত প্রতিক্রিয়া এখনও জানা যায়নি। তদন্তের পরই ঘটনার প্রকৃত কারণ ও দায়ীদের ভূমিকা স্পষ্ট হবে।
উদয়পুরে বিশ্বকর্মা পূজার রাতে গাড়ি ভাঙচুরের অভিযোগ, থানায় লিখিত অভিযোগ
