তেলিয়ামুড়া থানাধীন মাইগঙ্গা পঞ্চায়েতের ডি.এম. কলোনী এলাকায় ১৪ বছরের এক নাবালিকাকে ধর্ষণের অভিযোগকে কেন্দ্র করে চাঞ্চল্য ও ক্ষোভ ছড়িয়েছে। অভিযোগ, গত ১৯ সেপ্টেম্বর দুপুরে ওই নাবালিকার সঙ্গে ধর্ষণের ঘটনা ঘটে।ঘটনার পর নাবালিকার পরিবারের পক্ষ থেকে তেলিয়ামুড়া থানায় নির্দিষ্ট অভিযোগ দায়ের করা হয়। অভিযোগের ভিত্তিতে পুলিশ দ্রুত পদক্ষেপ নিয়ে অভিযুক্তকে গ্রেপ্তার করে এবং পরবর্তীতে তাকে খোয়াই জেলা আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানা গেছে।ঘটনার খবর পেয়ে নির্যাতিতার পরিবারের সঙ্গে দেখা করতে যায় সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতি (AIDWA) ও ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন (DYFI)-এর যৌথ প্রতিনিধি দল। সংগঠনগুলির পক্ষ থেকে ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের পাশাপাশি অভিযুক্তের বিরুদ্ধে কঠোর ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়।প্রতিনিধি দলে ছিলেন AIDWA-র রাজ্য কমিটির নেত্রী গায়ত্রী দত্ত, তেলিয়ামুড়া বিভাগীয় কমিটির সভানেত্রী প্রভা দাস ভৌমিক, জেলা কমিটির নেত্রী ঝর্না দেববর্মা ও মমতা দাস। DYFI-এর পক্ষ থেকে উপস্থিত ছিলেন বিভাগীয় কমিটির সম্পাদক অর্ধেন্দু ঘোষ, সভাপতি বিশ্বজিৎ ভৌমিক এবং সদস্য রাজেশ দেব।সংগঠনগুলির নেতৃত্বের বক্তব্য, নাবালিকার দ্রুত ন্যায়বিচার নিশ্চিত করতে তারা পরিবারের পাশে থাকবেন। পাশাপাশি পুলিশি তদন্তের অগ্রগতির ওপর নজর রাখার কথাও জানিয়েছেন তারা।
তেলিয়ামুড়ায় নাবালিকা ধর্ষণ: দোষীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি DYFI-AIDWA-র
