Headlines

ভিলেজ ভোটের প্রচারের শেষদিনে হামলার অভিযোগ, জোলাইবাড়িতে দুই বিজেপি কর্মী আহত

এডিসি ভিলেজ কমিটি নির্বাচনী প্রচারের শেষদিনে জোলাইবাড়িতে দুই বিজেপি কর্মী আক্রান্ত হওয়ার অভিযোগ উঠেছে তিপ্রা মথার কর্মীদের বিরুদ্ধে। ঘটনাটি জোলাইবাড়ি আর ডি ব্লকের অন্তর্গত রামরাইবাড়ি রঞ্জন আলি পাড়া এলাকায়।আক্রান্ত বিজেপি কর্মী জাহুরা খাতুনের অভিযোগ, এলাকার বাসিন্দা জামাল মিয়াসহ কয়েকজন তিপ্রা মথা কর্মী দলবদ্ধভাবে তাঁর বাড়িতে আসেন। এরপর তাঁকে এবং তাঁর ভাই বিজেপি নেতা নাসির মিয়াকে শারীরিকভাবে হেনস্তা করা হয় বলে অভিযোগ। পাশাপাশি বাড়ি থেকে উচ্ছেদ করে দেওয়ার হুমকিও দেওয়া হয়েছে বলে দাবি জাহুরার।ঘটনার পরপরই আহত দু’জনকে জোলাইবাড়ি সামাজিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসার পর তাঁদের ছেড়ে দেওয়া হয় বলে জানা গেছে।ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবিতে রবিবার সন্ধ্যায় জোলাইবাড়ি আউটপোস্টে অভিযোগ দায়ের করেন আক্রান্তরা। অভিযোগের ভিত্তিতে পুলিশ কী পদক্ষেপ করে, এখন সেদিকেই নজর রয়েছে। তবে অভিযোগের বিষয়ে তিপ্রা মথার সংশ্লিষ্ট কর্মীদের বক্তব্য জানা যায়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *