প্রায় এক দশকের অপেক্ষার অবসান। সোমবার সকাল ৭টা থেকেই ত্রিপুরার টিটিএএডিসি এলাকার ভিলেজ কাউন্সিল নির্বাচনকে ঘিরে শুরু হয় ভোটগ্রহণ। ভোট শুরু হতেই তেলিয়ামুড়া আরডি ব্লকের বিভিন্ন পোলিং স্টেশনে দেখা যায় ভোটারদের দীর্ঘ লাইন।তারা চান রূপিনী এস.বি. স্কুল, হদ্রাই রাধামাধব হাই স্কুল, দুখাই জমাদারপাড়া স্কুল-সহ একাধিক ভোটকেন্দ্রে সকাল থেকেই নারী-পুরুষ নির্বিশেষে ভোটারদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বুথমুখী মানুষের সংখ্যাও বাড়তে থাকে।প্রায় ১০ বছর পর ভিলেজ কাউন্সিল নির্বাচনে ভোট দেওয়ার সুযোগ পাওয়ায় বিভিন্ন এলাকায় তৈরি হয়েছে উৎসবের আবহ। নিজেদের এলাকার স্থানীয় প্রতিনিধি বেছে নিতে ভোটারদের মধ্যে দেখা যায় উৎসাহ ও উদ্দীপনা।অন্যদিকে, মুঙ্গিয়াকামি ব্লকের বিভিন্ন ভিলেজ কাউন্সিল এলাকাতেও সকাল থেকেই শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ চলছে। ভোটকেন্দ্রগুলিতে নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। প্রশাসনিক আধিকারিক ও নিরাপত্তাকর্মীদেরও বুথে বুথে পরিস্থিতির উপর নজর রাখতে দেখা যায়।এখনও পর্যন্ত তেলিয়ামুড়া ও মুঙ্গিয়াকামি এলাকায় ভোটগ্রহণ শান্তিপূর্ণভাবেই চলছে বলে জানা গিয়েছে। দীর্ঘ অপেক্ষার পর ভোট দেওয়ার সুযোগ পেয়ে সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণেই ধরা পড়েছে এ দিনের ভিলেজ কাউন্সিল নির্বাচনকে ঘিরে আগ্রহ ও উৎসাহের ছবি।
দীর্ঘ অপেক্ষার পর ভোটের উৎসব, তেলিয়ামুড়ায় ভিলেজ কাউন্সিলের বুথে সকাল থেকেই দীর্ঘ লাইন
