তেলিয়ামুড়া পুর পরিষদের কনফারেন্স হলে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা SIR (Special Intensive Revision) নিয়ে সাংবাদিক বৈঠক করলেন পুর পরিষদের চেয়ারম্যান রূপক সরকার। বৈঠকে SIR-এর প্রক্রিয়া, ভোটারদের করণীয়, প্রয়োজনীয় নথিপত্র এবং নির্বাচন কমিশনের সাম্প্রতিক নির্দেশিকা নিয়ে বিস্তারিত তথ্য তুলে ধরা হয়।রূপক সরকার জানান, SIR-এর আওতায় কোনও ভোটারের তথ্যের সঙ্গে অসঙ্গতি পাওয়া গেলে বা তাঁকে ‘Unmapped’ হিসেবে চিহ্নিত করে নোটিশ দেওয়া হলেও সাধারণভাবে সংশ্লিষ্ট ভোটারকে ERO বা AERO-র দফতরে গিয়ে শুনানিতে হাজির হতে হবে না। পরিবর্তিত ব্যবস্থায় BLO-রা সংশ্লিষ্ট ভোটারের বাড়িতে গিয়ে প্রয়োজনীয় নথি সংগ্রহ করবেন। পরে সেই নথি ECINET পোর্টালে আপলোড করা হবে এবং নথির ভিত্তিতে পরবর্তী সিদ্ধান্ত নেবেন সংশ্লিষ্ট ERO।বিশেষ কোনও ক্ষেত্রে শুনানির প্রয়োজন হলে ERO-র সিদ্ধান্ত অনুযায়ী তা করা হতে পারে। সেক্ষেত্রে অনলাইন শুনানিকে অগ্রাধিকার দেওয়ার ব্যবস্থাও রয়েছে। প্রয়োজনে ভোটারের পরিবারের কোনও প্রাপ্তবয়স্ক সদস্যকে তাঁর প্রতিনিধি হিসেবেও শুনানিতে অংশ নেওয়ার সুযোগ দেওয়া হতে পারে।সাধারণ ভোটারদের উদ্দেশে রূপক সরকার বলেন, SIR নিয়ে কোনও গুজব বা অসম্পূর্ণ তথ্যের ভিত্তিতে আতঙ্কিত না হয়ে নির্বাচন কমিশনের সরকারি মাধ্যম থেকে সঠিক তথ্য যাচাই করা জরুরি। ভোটার তালিকায় নিজের নাম, ঠিকানা ও অন্যান্য তথ্য সঠিক রয়েছে কি না, তা যাচাই করার পাশাপাশি প্রয়োজনীয় নথিপত্র আগে থেকেই প্রস্তুত রাখার উপরও গুরুত্ব দেওয়া হয়।একই সঙ্গে গৃহহীন মানুষ, শ্রমিক, দরিদ্র নাগরিক কিংবা আশ্রয়কেন্দ্রে থাকা মানুষ যাতে SIR প্রক্রিয়ায় কোনওভাবেই পিছিয়ে না পড়েন, সেদিকেও নজর দেওয়ার কথা জানানো হয়। প্রয়োজনে Help Desk ও বিশেষ ক্যাম্পের মাধ্যমে সহায়তার ব্যবস্থার কথাও তুলে ধরা হয়েছে।SIR-এর ক্ষেত্রে বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের তথ্য সংগ্রহ ও যাচাইয়ে BLO-দের গুরুত্বপূর্ণ ভূমিকার কথাও উল্লেখ করা হয়। Form-6-সহ প্রয়োজনীয় ফর্ম ও ঘোষণাপত্র সম্পর্কে সঠিক তথ্য জানার উপর জোর দেওয়া হয়। পাশাপাশি SIR-এর সঙ্গে যুক্ত ডিজিটাল পরিকাঠামো ECINET-এর কার্যপ্রণালী এবং আইন ও বিধির সঙ্গে তার সামঞ্জস্যের বিষয়টিও সাংবাদিকদের সামনে তুলে ধরা হয়।সব মিলিয়ে সাংবাদিক বৈঠক থেকে সাধারণ মানুষের উদ্দেশে বার্তা—SIR নিয়ে আতঙ্ক নয়, সচেতনতা ও সঠিক তথ্যই ভরসা। ভোটারদের নিজেদের নাম ও তথ্য যাচাই করার পাশাপাশি প্রয়োজনীয় নথি প্রস্তুত রাখা এবং কোনও সংশয় দেখা দিলে সরকারি নির্বাচনী কর্তৃপক্ষের কাছ থেকেই তথ্য নেওয়ার আহ্বান জানানো হয়েছে।
SIR নিয়ে আতঙ্ক নয়, সচেতনতাই ভরসা: তেলিয়ামুড়ায় রূপক সরকারের বার্তা
