Headlines

এক পশলা বৃষ্টিতেই জলমগ্ন মধুপুর বাজার, ক্ষোভে ফুঁসছেন ব্যবসায়ী ও সাধারণ মানুষ

সামান্য এক পশলা বৃষ্টিতেই জলমগ্ন হয়ে পড়ছে মধুপুর বাজার। নোংরা জল, বেহাল ড্রেনেজ ব্যবস্থা এবং দীর্ঘদিনের অব্যবস্থাপনাকে কেন্দ্র করে এলাকাজুড়ে চরম ক্ষোভ ছড়িয়েছে ব্যবসায়ী ও সাধারণ মানুষের মধ্যে। উন্নয়নের দাবির মাঝেও বাজারের এই করুণ চিত্র নিয়ে উঠছে একাধিক প্রশ্ন।আগরতলা-কমলাসাগর প্রধান সড়কের ধারে অবস্থিত গুরুত্বপূর্ণ এই বাজারে বর্তমানে ড্রেনেজ ব্যবস্থা কার্যত ভেঙে পড়েছে। অভিযোগ, সামান্য বৃষ্টি হলেই ড্রেন উপচে নোংরা জল মূল সড়কে উঠে আসে। প্লাস্টিক ও আবর্জনায় ভরাট হয়ে থাকা নালার কারণে জল নিকাশি সম্পূর্ণভাবে ব্যাহত হচ্ছে। ফলে রাস্তা জুড়ে থৈ থৈ করছে দুর্গন্ধযুক্ত জল, যা একসময় দোকানের ভেতরেও ঢুকে পড়ছে।এর জেরে বাজারে ক্রেতাদের আনাগোনা কমে যাওয়ায় বড়সড় আর্থিক ক্ষতির মুখে পড়েছেন ব্যবসায়ীরা। বহু দোকানদারের দাবি, বছরের পর বছর ধরে একই সমস্যার মুখোমুখি হতে হচ্ছে, অথচ স্থায়ী সমাধানে প্রশাসনের কোনো কার্যকর উদ্যোগ দেখা যাচ্ছে না।স্থানীয় ব্যবসায়ীদের অভিযোগ, বাজার কমিটি, জনপ্রতিনিধি এবং প্রশাসনকে একাধিকবার বিষয়টি জানানো হলেও এখনো পর্যন্ত বাস্তবিক কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। পরিস্থিতি এতটাই খারাপ যে, ব্যবসায়ীরা নিজেদের খরচে কাঠের অস্থায়ী সেতু তৈরি করে ক্রেতাদের দোকানে পৌঁছানোর ব্যবস্থা করছেন।এই প্রসঙ্গে বাজার কমিটির সম্পাদক জহর সাহা পরিস্থিতির জন্য দুঃখ প্রকাশ করে জানান, সমস্যা সমাধানে উচ্চপর্যায়ে আলোচনা চলছে। দ্রুত প্রশাসনিক উদ্যোগ না হলে স্থানীয় পঞ্চায়েতকে সঙ্গে নিয়ে বাজারের জল জমার সমস্যা সমাধানে নিজস্ব উদ্যোগ নেওয়া হবে বলেও আশ্বাস দেন তিনি।বর্তমানে বাজারজুড়ে আবর্জনা, নোংরা জল ও মশার উপদ্রব বেড়ে যাওয়ায় জনস্বাস্থ্য নিয়েও উদ্বেগ তৈরি হয়েছে। স্থানীয়দের একাংশের দাবি, প্রশাসনের এই দীর্ঘদিনের উদাসীনতার বিরুদ্ধে ভবিষ্যতে বৃহত্তর আন্দোলনের সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *