মা ও শিশুর পুষ্টি, সুস্বাস্থ্য এবং সঠিক পরিচর্যা নিয়ে সচেতনতা বাড়াতে মাতাবাড়িতে অনুষ্ঠিত হলো বিশেষ কর্মসূচি। ‘সেবা থেকে দেশ সেবা’ ও ‘২৫ বছর সেবা সংকল্প অভিযান’-এর অঙ্গ হিসেবে ত্রিপুরা মহিলা মোর্চার উদ্যোগে মাতাবাড়ি আইসিডিএস প্রজেক্টের ফুলকুমারি অঙ্গনওয়াড়ি কেন্দ্রে আয়োজন করা হয় ‘অঙ্গন মিলন সেবা’ কর্মসূচি।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ত্রিপুরা মহিলা মোর্চার রাজ্য সভানেত্রী মৌসুমী দাস, গোমতী জেলা বিজেপি সভানেত্রী সবিতা নাগ, মাতাবাড়ি পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান শিল্পী দাস এবং গোমতী জেলা সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের আধিকারিক বিপ্লব ঘোষসহ অন্যান্যরা।কর্মসূচিতে গর্ভবতী মায়েদের হাতে পুষ্টিকর খাদ্যসামগ্রী তুলে দেওয়া হয়। পাশাপাশি ছয় মাস থেকে ছয় বছর বয়সী শিশুদেরও পুষ্টিকর খাবার প্রদান করা হয়। এর পাশাপাশি সুষম খাদ্যের গুরুত্ব, মা ও শিশুর দৈনন্দিন পুষ্টির চাহিদা এবং শিশুর শারীরিক ও মানসিক বিকাশে পুষ্টির ভূমিকা নিয়ে সচেতন করা হয়।অঙ্গনওয়াড়ি কেন্দ্রের মাধ্যমে গর্ভবতী, প্রসূতি মা ও শিশুদের জন্য বিভিন্ন পরিষেবা এবং শিশুর প্রাথমিক বিকাশ ও নিয়মিত পরিচর্যার গুরুত্বও তুলে ধরা হয়। বক্তারা বলেন, সুস্থ সমাজ গড়তে সুস্থ মা ও শিশুর ভবিষ্যৎ নিশ্চিত করা জরুরি। গর্ভাবস্থা থেকে শিশুর বেড়ে ওঠার প্রতিটি পর্যায়ে পুষ্টিকর খাদ্য, সঠিক পরিচর্যা ও প্রয়োজনীয় স্বাস্থ্য পরিষেবা নিশ্চিত করার ওপর গুরুত্ব দেন তাঁরা।
মাতাবাড়িতে ‘অঙ্গন মিলন সেবা’, পুষ্টি সচেতনতায় মহিলা মোর্চা
