খোয়াই পুর এলাকার অফিস টিলায় সরকারি উন্নয়নমূলক কাজে নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহারের অভিযোগকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। অভিযোগ, ৮ এমএম রডের পরিবর্তে ৫ এমএম রড ব্যবহার করে অঙ্গনওয়াড়ি কেন্দ্রের বাউন্ডারি দেওয়ালের বিমের কাজ করা হচ্ছিল। বিষয়টি নজরে আসতেই নির্মাণকাজ বন্ধ করে দেন স্থানীয় বাসিন্দারা।স্থানীয়দের অভিযোগ, শনিবার ও রবিবার সরকারি দপ্তর বন্ধ থাকার সুযোগে অফিস টিলা ধারাপাত অঙ্গনওয়াড়ি কেন্দ্রের পেছনে বাউন্ডারি দেওয়ালের নির্মাণকাজ চলছিল। সেখানে বিমের রিং তৈরিতে নির্ধারিত ৮ এমএম রডের বদলে ৫ এমএম রড ব্যবহার করা হচ্ছিল বলে অভিযোগ ওঠে। বিষয়টি দেখতে পেয়ে এলাকাবাসী শ্রমিকদের কাজে বাধা দেন।অভিযোগ, বিষয়টি পুর পরিষদের এক বাস্তুকারের নজরে আসার পর ঢালাই করা বিম ভেঙে ব্যবহৃত রড সরিয়ে নেওয়ার চেষ্টা করা হয়। পরে এলাকাবাসীর চাপের মুখে নির্মাণস্থলে ৮ এমএম রড আনা হয় বলে দাবি স্থানীয়দের।পুর পরিষদ সূত্রে জানা যায়, অফিস টিলা ধারাপাত অঙ্গনওয়াড়ি কেন্দ্রের পেছনে বাউন্ডারি দেওয়ালের কাজের বরাত দেওয়া হয়েছে ঠিকাদার রূপক পালকে। তবে নির্মাণকাজে অনিয়মের অভিযোগ ওঠার পর আপাতত কাজ বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছেন এলাকাবাসী।স্থানীয়দের আরও অভিযোগ, খোয়াই পুর এলাকার বিভিন্ন উন্নয়নমূলক কাজে ঠিকাদার ও পুর পরিষদের বাস্তুকারদের একাংশের যোগসাজশে নিম্নমানের কাজ করা হচ্ছে। যদিও এসব অভিযোগের সত্যতা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।এদিকে, ঘটনায় ক্ষুব্ধ এলাকাবাসী জানিয়েছেন, সোমবার খোয়াই পুর পরিষদের মুখ্য কার্যনির্বাহী আধিকারিক তথা খোয়াই মহকুমা শাসকের কাছে বিষয়টি জানানো হবে। প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার পরই পুনরায় নির্মাণকাজ শুরু করতে দেওয়া হবে বলে জানিয়েছেন তাঁরা।
৫ এমএম রডে নির্মাণের অভিযোগ, খোয়াইয়ে অঙ্গনওয়াড়ি কেন্দ্রের কাজ বন্ধ করলেন এলাকাবাসী
