উদয়পুর: অর্থের লোভকে উপেক্ষা করে সততার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করলেন উদয়পুরের অটোরিকশাচালক আক্তার হোসেন। যাত্রীর ফেলে যাওয়া ব্যাগে থাকা প্রায় ৮০ হাজার টাকা নিজের কাছে না রেখে প্রকৃত মালিকের হাতে তুলে দিয়ে মানবিকতার পরিচয় দিয়েছেন তিনি। তাঁর এই উদ্যোগে প্রশংসায় পঞ্চমুখ স্থানীয় শ্রমিক ও সাধারণ মানুষ।জানা যায়, শনিবার রাত প্রায় ৮টা ২০ মিনিট নাগাদ মেলাঘরের ব্যবসায়ী রতন সূত্রধর উদয়পুরের রমেশ চৌমুহনী থেকে একটি অটোরিকশায় ওঠেন। তাঁর গন্তব্য ছিল কাকরাবন মোটরস্ট্যান্ড। রাত প্রায় ৯টা নাগাদ সেখানে পৌঁছে অটোরিকশা থেকে নেমে গেলেও তাড়াহুড়োর মধ্যে নিজের একটি ব্যাগ গাড়ির পেছনের আসনে ফেলে যান তিনি।পরদিন রবিবার সকালে উদয়পুরের রাজধরনগর এলাকার অটোরিকশাচালক আক্তার হোসেন নিজের গাড়ি পরিষ্কার করার সময় পেছনের আসনে ব্যাগটি দেখতে পান। ব্যাগটি কার, তা জানতে খুলে দেখতেই তাঁর নজরে আসে বিপুল পরিমাণ নগদ টাকা। গুনে প্রায় ৮০ হাজার টাকা পাওয়া যায় বলে জানা যায়।এরপর ব্যাগের প্রকৃত মালিককে খুঁজে বের করার উদ্যোগ নেন আক্তার। ব্যাগের মধ্যে থাকা একটি ফোন নম্বরের সূত্র ধরে যোগাযোগ করা হলে জানা যায়, সেটি মেলাঘরের ব্যবসায়ী রতন সূত্রধরের। ব্যাগ হারিয়ে যাওয়ার পর স্বাভাবিকভাবেই উদ্বিগ্ন হয়ে পড়েছিলেন তিনি।খবর পেয়ে রবিবার সকাল প্রায় ৯টা নাগাদ মেলাঘর থেকে উদয়পুরে ছুটে আসেন রতন সূত্রধর। পরে রাজারবাগ গর্জনমুড়া অটোরিকশা স্ট্যান্ডে স্থানীয় শ্রমিক ও অটোরিকশাচালকদের উপস্থিতিতে আক্তার হোসেন তাঁর হাতে হারিয়ে যাওয়া ব্যাগটি তুলে দেন।প্রায় ৮০ হাজার টাকা থাকা ব্যাগটি নিজের কাছে রেখে দেওয়ার সুযোগ থাকলেও তা না করে মালিকের হাতে ফিরিয়ে দেওয়ার ঘটনায় আক্তার হোসেনের সততার প্রশংসা করছেন স্থানীয়রা। তাঁদের মতে, মানুষের প্রকৃত পরিচয় শুধু তার পেশা বা আর্থিক অবস্থানে নয়, বরং তার নৈতিকতা ও মানবিক মূল্যবোধে।আক্তার হোসেনের এই উদ্যোগ যেন আরও একবার মনে করিয়ে দিল—স্বার্থপরতার ভিড়েও সততা ও মানবিকতা এখনও সমাজের সাধারণ মানুষের মধ্যে বেঁচে আছে।
হারানো ৮০ হাজার টাকা ফিরিয়ে দিলেন অটোচালক আক্তার, প্রশংসায় উদয়পুর
