Headlines

‘রক্তদাতা হলে জয় মানবতার’—আমবাসায় ঐক্যতান ক্লাবের রক্তদান শিবির

“যদি হই রক্তদাতা, জয় করবো মানবতা”—এই মানবিক বার্তাকে সামনে রেখে আমবাসায় অনুষ্ঠিত হলো স্বেচ্ছায় রক্তদান শিবির। ঐক্যতান ক্লাবের উদ্যোগে এবং আমবাসা পুর পরিষদের সহযোগিতায় রবিবার এই রক্তদান শিবিরের আয়োজন করা হয়।প্রদীপ প্রজ্জ্বলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপস্থিত অতিথিরা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কাউন্সিলর শংকর চক্রবর্তী, ক্লাবের সচিব রাজেশ সূত্রধর, জেলা হাসপাতালের ব্লাড ব্যাংকের চিকিৎসক অমিত সাবারনা সহ অন্যান্যরা।আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, রক্তের সংকট মোকাবিলা এবং মুমূর্ষু রোগীদের পাশে দাঁড়ানোর লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। স্বেচ্ছায় রক্তদানের মাধ্যমে একদিকে যেমন সংকটাপন্ন রোগীর জীবন রক্ষা করা সম্ভব, অন্যদিকে সমাজে মানবিকতা ও সহমর্মিতার বার্তাও ছড়িয়ে দেওয়া যায়।শিবিরে ক্লাবের সদস্যদের পাশাপাশি এলাকার যুবসমাজ ও সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে রক্তদানে এগিয়ে আসেন। আয়োজকদের পক্ষ থেকে ভবিষ্যতেও রক্তদানের মতো মহৎ সামাজিক কর্মকাণ্ডে আরও বেশি মানুষকে অংশগ্রহণ করার আহ্বান জানানো হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *