Headlines

রাতের আঁধারে বুলডোজার! বিজেপি নেতার ১৫০ বছরের পুরনো দোকান ভাঙার অভিযোগ

সোনামুড়া: রাতের আঁধারে বুলডোজার চালিয়ে বিজেপির এক সক্রিয় মেম্বারের দীর্ঘদিনের পুরনো দোকান ভেঙে দেওয়ার অভিযোগ ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে সোনামুড়ায়। ঘটনাটি ঘটেছে গোমতী নদীর পাশে বাঁশ বাজার এলাকায়। অভিযোগের তীর সোনামুড়া নগর পঞ্চায়েতের কাউন্সিলরদের একাংশের বিরুদ্ধে।ভুক্তভোগী বিজেপি মেম্বারের দাবি, তাঁর দোকানটি প্রায় ১৫০ বছরের পুরনো। দোকান উচ্ছেদের আগে নগর পঞ্চায়েতের পক্ষ থেকে তাঁকে কোনও নোটিশ দেওয়া হয়নি। অভিযোগ, রাতের অন্ধকারে হঠাৎ বুলডোজার নিয়ে এসে দোকানটি গুঁড়িয়ে দেওয়া হয়।এখানেই শেষ নয়, ওই বিজেপি মেম্বারের আরও অভিযোগ, বাঁশ বাজারে গোমতী নদীর পাড়ের সরকারি জায়গায় আরও বহু দোকান ও বাড়ি রয়েছে। কিন্তু সেগুলির বিরুদ্ধে কোনও ব্যবস্থা না নিয়ে শুধুমাত্র তাঁর দোকানটিকেই টার্গেট করা হয়েছে। এর পিছনে রাজনৈতিক প্রতিহিংসা রয়েছে বলেও দাবি করেছেন তিনি।নগর পঞ্চায়েতের কয়েকজন কাউন্সিলরের বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুলে তাঁর দাবি, কাউন্সিলরদের কথিত ‘দাদন’ না দেওয়ায় তাঁকে টার্গেট করা হয়েছে। যদিও এই অভিযোগের স্বাধীনভাবে কোনও সত্যতা যাচাই করা সম্ভব হয়নি।অন্যদিকে, ঘটনার বিষয়ে সোনামুড়া নগর পঞ্চায়েতের চেয়ারপার্সন জানিয়েছেন, তিনি বিষয়টি সম্পর্কে অবগত নন। তাঁর এই বক্তব্যের পরই প্রশ্ন উঠেছে—চেয়ারপার্সনকে না জানিয়ে কীভাবে রাতের বেলা বুলডোজার নিয়ে উচ্ছেদ অভিযান চালানো হলো?ঘটনাকে কেন্দ্র করে সোনামুড়ায় রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর চর্চা। একইসঙ্গে বিজেপির অন্দরেও গোষ্ঠীদ্বন্দ্বের অভিযোগ নতুন করে সামনে এসেছে। অভিযোগ-পাল্টা অভিযোগের মধ্যেই এখন নজর রয়েছে নগর পঞ্চায়েতের পরবর্তী পদক্ষেপের দিকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *