পুলিশ সূত্রে জানা গেছে, ধৃত যুবকের নাম অনুপ শুক্লা বৈদ্য (২৫)। তাঁর বাড়ি অসমের করিমগঞ্জ জেলার (বর্তমানে শ্রীভূমি) বদরপুর থানার অন্তর্গত শ্রীগৌরী এলাকায়। এদিন আগরতলা জিআরপিএসের সাব-ইনস্পেক্টর বিশ্বজিৎ দাস অন্যান্য পুলিশকর্মীদের সঙ্গে অভিযান চালিয়ে রেলস্টেশনের পার্কিং এলাকার সামনে, আরপিএফ পোস্ট ও পে অ্যান্ড ইউজ শৌচাগারের মাঝামাঝি একটি বেঞ্চে বসে থাকা অবস্থায় তাঁকে আটক করেন।তল্লাশির সময় যুবকের কাছে থাকা একটি ট্রলি ব্যাগ থেকে ১৭.১৫৫ কেজি সন্দেহভাজন গাঁজা উদ্ধার হয়। উদ্ধার হওয়া মাদকের আনুমানিক কালোবাজারি মূল্য প্রায় ৮ লক্ষ টাকা বলে পুলিশ জানিয়েছে।ঘটনায় উদ্ধার হওয়া মাদক বাজেয়াপ্ত করা হয়েছে। পাশাপাশি এনডিপিএস আইন, ১৯৮৫-এর ২০(বি)(ii)(বি)/২৯ ধারায় আগরতলা জিআরপিএস থানায় ২০২৬GRP077 নম্বরে মামলা নথিভুক্ত করে অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। ঘটনার সঙ্গে আরও কেউ জড়িত রয়েছে কি না, তা খতিয়ে দেখতে তদন্ত চালাচ্ছে পুলিশ।
আগরতলা রেলস্টেশনে ১৭ কেজির বেশি গাঁজা উদ্ধার, গ্রেফতার যুবক
