নিজস্ব প্রতিনিধি, আগরতলা:আজ সকালে নিয়মিত নাকা চেকিং চলাকালীন আমতলী থানার পুলিশের হাতে বড়সড় সাফল্য আসে। পুলিশের তৎপরতায় ১৮ কেজি গাঁজাসহ এক যুবককে আটক করা হয়েছে। উদ্ধার হওয়া গাঁজার আনুমানিক বাজারমূল্য প্রায় এক লক্ষ টাকা বলে জানিয়েছে পুলিশ।পুলিশ সূত্রে খবর, সন্দেহজনক আচরণের ভিত্তিতে ওই যুবককে তল্লাশি চালানো হলে তার কাছে থাকা দুটি ট্রলিব্যাগ থেকে মোট ১৮ কেজি গাঁজা উদ্ধার করা হয়। পরে তাকে আটক করে থানায় নিয়ে যাওয়া হয় এবং জিজ্ঞাসাবাদ শুরু করে পুলিশ।প্রাথমিক তদন্তে আটক যুবক স্বীকার করেছে যে, সে এই বিপুল পরিমাণ গাঁজা নিয়ে গোয়াটি (গুয়াহাটি) যাওয়ার উদ্দেশ্যে রওনা দিয়েছিল। তবে এই চক্রের সঙ্গে আরও কেউ জড়িত রয়েছে কিনা এবং গাঁজার উৎস কোথায়, তা খতিয়ে দেখছে তদন্তকারী দল।এ প্রসঙ্গে আমতলী থানার ওসি পরিতোষ দাস জানান, নিয়মিত নাকা চেকিংয়ের অংশ হিসেবেই এই অভিযান চালানো হয়। আটক ব্যক্তির বিরুদ্ধে এনডিপিএস আইনে মামলা রুজু করে পুরো ঘটনার তদন্ত শুরু হয়েছে। মাদক পাচার চক্রের সঙ্গে জড়িত অন্যদের চিহ্নিত করতে পুলিশি তদন্ত অব্যাহত রয়েছে।
আমতলীতে নাকা চেকিংয়ে বড়সড় সাফল্য! ১৮ কেজি গাঁজাসহ যুবক আটক, গন্তব্য ছিল গোয়াটি
