সাব্রুম: পরিচ্ছন্ন, সবুজ ও স্বাস্থ্যকর ভবিষ্যৎ গড়ে তোলার লক্ষ্যে কঠিন বর্জ্য ব্যবস্থাপনা নিয়ে ব্যাপক সচেতনতার বার্তা ছড়িয়ে দিল সাব্রুম নগর পঞ্চায়েত। কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিধিমালা, ২০২৬-কে সামনে রেখে বৃহস্পতিবার সাব্রুম ওল্ড টাউন হলে আয়োজিত হয় এক বিশাল সচেতনতা কর্মসূচি, যেখানে বিপুল সংখ্যক নাগরিক, ছাত্র-ছাত্রী এবং বিভিন্ন স্তরের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।“আসুন আইন মেনে চলি এবং বর্জ্য পৃথকীকরণ করি—এক পরিচ্ছন্ন, সবুজ ও স্বাস্থ্যকর ভবিষ্যতের লক্ষ্যে” এই মূল প্রতিপাদ্যকে সামনে রেখে অনুষ্ঠিত কর্মসূচিতে সভাপতিত্ব করেন সাব্রুম নগর পঞ্চায়েতের চেয়ারপার্সন রমা পোদ্দার দে।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাব্রুম মহকুমা শাসক সুমন রক্ষিত, ডিএসএম মনোজিৎ দেববর্মা, এসডিপিও দীপ্তনু বিশ্বাসসহ প্রশাসনের বিভিন্ন স্তরের আধিকারিক, জনপ্রতিনিধি এবং বিশিষ্ট ব্যক্তিরা।বক্তব্য রাখতে গিয়ে মহকুমা শাসক সুমন রক্ষিত বলেন, পরিবেশ রক্ষা এবং জনস্বাস্থ্য সুরক্ষার স্বার্থে প্রতিটি পরিবারকে জৈব ও অজৈব বর্জ্য আলাদা করে সংরক্ষণ করার অভ্যাস গড়ে তুলতে হবে। তিনি জোর দিয়ে বলেন, বর্জ্য ব্যবস্থাপনা শুধুমাত্র প্রশাসনের দায়িত্ব নয়, এটি প্রতিটি নাগরিকের সামাজিক দায়বদ্ধতার অংশ।তিনি উপস্থিত জনসাধারণ, বিশেষ করে ছাত্র-ছাত্রীদের উদ্দেশে আইন মেনে চলার পাশাপাশি পরিচ্ছন্ন শহর গঠনে সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানান। সচেতনতা বৃদ্ধি এবং আচরণগত পরিবর্তনের মাধ্যমেই একটি টেকসই ও স্বাস্থ্যকর সমাজ গড়ে তোলা সম্ভব বলেও তিনি উল্লেখ করেন।অনুষ্ঠান থেকে “আমাদের বর্জ্য, আমাদেরই দায়িত্ব” এবং “আমাদের শহর, আমাদের গর্ব”—এই বার্তাগুলি সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়া হয়। আয়োজকদের আশা, এই উদ্যোগের মাধ্যমে বর্জ্য পৃথকীকরণ ও সঠিক বর্জ্য ব্যবস্থাপনা সম্পর্কে মানুষের মধ্যে ইতিবাচক মনোভাব গড়ে উঠবে এবং সাব্রুমকে আরও পরিচ্ছন্ন ও পরিবেশবান্ধব শহর হিসেবে গড়ে তুলতে সকলেই এগিয়ে আসবেন। :::
‘আমাদের বর্জ্য, আমাদেরই দায়িত্ব’— সাব্রুমে কঠিন বর্জ্য ব্যবস্থাপনা নিয়ে বিশাল সচেতনতা কর্মসূচি
