আগরতলা, ১৫ জুন: অন্যায়, দুর্নীতি, মূল্যবৃদ্ধি ও বেকারত্বের বিরুদ্ধে ত্রিপুরা প্রদেশ যুব কংগ্রেসের ডাকা বিক্ষোভ সমাবেশ ঘিরে উত্তপ্ত হয়ে উঠল রাজধানী আগরতলার আরআই মেস চৌমুহনি এলাকা। কর্মসূচি চলাকালীন বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তির ঘটনায় এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে।যুব কংগ্রেসের অভিযোগ, কেন্দ্র ও রাজ্য সরকারের বিভিন্ন জনবিরোধী নীতির প্রতিবাদ জানাতেই এই কর্মসূচির আয়োজন করা হয়। বিক্ষোভ মিছিল থেকে একাধিক দাবিও তুলে ধরা হয়।বিক্ষোভকারীদের প্রধান দাবিগুলির মধ্যে ছিল—NEET প্রশ্নপত্র ফাঁসের নিরপেক্ষ তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি,CNG, PNG, LPG, পেট্রোল ও ডিজেলের মূল্যবৃদ্ধি রোধ,নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের লাগামহীন মূল্যবৃদ্ধি বন্ধ করা,বেকারত্ব দূর করে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা।প্রত্যক্ষদর্শীদের দাবি, বিক্ষোভ কর্মসূচি চলাকালীন পুলিশ মিছিল নিয়ন্ত্রণে এগিয়ে এলে বিক্ষোভকারীদের একাংশের সঙ্গে পুলিশের বচসা শুরু হয়। পরে তা ধস্তাধস্তিতে রূপ নেয়। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলেও পুলিশ দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।ঘটনায় কেউ আহত হয়েছেন কি না, সে বিষয়ে সরকারি ভাবে কোনও তথ্য পাওয়া যায়নি। তবে এই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে নতুন করে বিতর্কের সৃষ্টি হয়েছে।যুব কংগ্রেস নেতৃত্বের বক্তব্য, গণতান্ত্রিক উপায়ে নিজেদের দাবি তুলে ধরতে গিয়েই তাদের বাধার মুখে পড়তে হয়েছে। অন্যদিকে, আইনশৃঙ্খলা বজায় রাখতেই প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়েছে বলে পুলিশ সূত্রে ইঙ্গিত মিলেছে।আরআই মেস চৌমুহনির এই ঘটনাকে কেন্দ্র করে রাজ্যের রাজনৈতিক অঙ্গনে ফের উত্তেজনার পারদ চড়েছে।
আরআই মেস চৌমুহনিতে যুব কংগ্রেসের বিক্ষোভে উত্তেজনা! পুলিশের সঙ্গে ধস্তাধস্তি
