Headlines

উদয়পুরে ত্রিপুরা কো-অপারেটিভ আরবান ব্যাংকে চালু আধুনিক লকার পরিষেবা, গ্রাহকদের জন্য নতুন সুবিধার সূচনা

উদয়পুর, ১৪ জুলাই: গ্রাহকদের নিরাপদ ও আধুনিক ব্যাংকিং পরিষেবা প্রদানের লক্ষ্যে ত্রিপুরা কো-অপারেটিভ আরবান ব্যাংক লিমিটেডের উদয়পুর শাখায় মঙ্গলবার নতুন ‘লকার সুবিধা’-র আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। উদয়পুরের ব্রহ্মাবাড়িস্থ শাখায় আয়োজিত অনুষ্ঠানে বিভিন্ন বিশিষ্ট ব্যক্তি উপস্থিত ছিলেন।অনুষ্ঠানের সূচনায় প্রদীপ প্রজ্জ্বলন ও লকার রুমের ফিতা কেটে পরিষেবার উদ্বোধন করেন গোমতী জেলা পরিষদের সভাধিপতি দেবল দেবরায়। পরে তিনি নতুন লকার বিভাগ পরিদর্শন করেন এবং গ্রাহক ও ব্যাংক কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়ক জিতেন্দ্র মজুমদার, উদয়পুর পুরপরিষদের পৌরপিতা শীতল চন্দ্র মজুমদার, রেজিস্ট্রার অব কো-অপারেটিভ সোসাইটি দশরথ দেববর্মা, গোমতী জেলার ডেপুটি কালেক্টর চন্দ্রশেখর চট্টোপাধ্যায়, সমাজসেবী সবিতা নাগ, আগরতলা মার্কেটের চেয়ারম্যান অজিত দেব-সহ অন্যান্য বিশিষ্ট অতিথিরা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিধায়ক তথা ত্রিপুরা কো-অপারেটিভ আরবান ব্যাংকের চেয়ারম্যান রঞ্জিত দাস।ব্যাংক কর্তৃপক্ষ জানায়, নতুন লকার পরিষেবার মাধ্যমে গ্রাহকরা স্বর্ণালঙ্কার, গুরুত্বপূর্ণ নথিপত্র ও অন্যান্য মূল্যবান সামগ্রী আধুনিক নিরাপত্তা ব্যবস্থার মধ্যে সংরক্ষণ করতে পারবেন। উদ্বোধনী অনুষ্ঠানে প্রতীকীভাবে দুইজন গ্রাহকের হাতে লকারের চাবি তুলে দেন অতিথিরা।অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে ব্যাংকের চেয়ারম্যান রঞ্জিত দাস বলেন, বর্তমান সময়ে নিরাপদ ব্যাংকিং পরিষেবার চাহিদা দ্রুত বাড়ছে। সেই চাহিদার কথা মাথায় রেখেই এই আধুনিক লকার পরিষেবা চালু করা হয়েছে। ভবিষ্যতেও গ্রাহকদের সুবিধার্থে আরও প্রযুক্তিনির্ভর ও উন্নত পরিষেবা চালুর উদ্যোগ নেওয়া হবে বলেও তিনি জানান।অনুষ্ঠানের শেষে অতিথিরা ব্যাংকের এই উদ্যোগকে স্বাগত জানান। স্থানীয় গ্রাহকরাও নতুন লকার সুবিধা চালু হওয়ায় সন্তোষ প্রকাশ করেন এবং এটিকে উদয়পুরের ব্যাংকিং পরিষেবার উন্নয়নে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলে অভিহিত করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *