নিজস্ব প্রতিনিধি: মহিলাদের ক্ষমতায়ন, নেতৃত্বের বিকাশ এবং প্রতিরক্ষা বাহিনীতে যোগদানে আগ্রহী তরুণীদের উৎসাহিত করার লক্ষ্যে জাতীয় মহিলা কমিশনের উদ্যোগে ‘She Serves’ কর্মসূচি বুধবার উদয়পুরের পঞ্চায়েত রাজ ট্রেনিং ইনস্টিটিউটের কনফারেন্স হলে অনুষ্ঠিত হয়। ফলক উন্মোচন ও প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা হয়।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাতীয় মহিলা কমিশনের চেয়ারপার্সন বিজয়া রাহাতকর। উপস্থিত ছিলেন ত্রিপুরা মহিলা কমিশনের চেয়ারপার্সন ঝর্না দেববর্মা, গোমতী জেলার জেলাশাসক রিঙ্কু লাথের, জেলা পুলিশ সুপার অরিন্দম দাসসহ বিভিন্ন প্রশাসনিক আধিকারিক। জেলার বিভিন্ন প্রান্ত থেকে ১৬ থেকে ২৩ বছর বয়সী ছাত্র-ছাত্রী, তরুণী ও সমাজকর্মীরা এই কর্মসূচিতে অংশগ্রহণ করেন।বক্তব্যে বিজয়া রাহাতকর বলেন, বর্তমান সময়ে নারীদের শুধু সমাজের অংশীদার নয়, নেতৃত্বের ভূমিকায়ও এগিয়ে আসতে হবে। তিনি নারীর অধিকার, নিরাপত্তা ও আত্মনির্ভরশীলতার ওপর গুরুত্বারোপ করে বলেন, ‘She Serves’ উদ্যোগের লক্ষ্য দেশের নারীদের সেবা, সুরক্ষা ও নেতৃত্বের মানসিকতায় এগিয়ে নিয়ে যাওয়া।প্রতিরক্ষা বাহিনীতে কর্মজীবনের বিভিন্ন সুযোগ এবং প্রস্তুতি নিয়ে বিশেষ অধিবেশন পরিচালনা করেন বিএসএফ-এর ডেপুটি কমান্ডার ড. রিনি বিষ্ণোই। এছাড়াও সচেতনতামূলক আলোচনা, ইন্টারেক্টিভ সেশন এবং প্রেরণাদায়ক বক্তব্যের মাধ্যমে অংশগ্রহণকারীদের উদ্বুদ্ধ করা হয়।তবে অনুষ্ঠানকে ঘিরে সাংবাদিকদের একাংশ ব্যবস্থাপনা নিয়ে অসন্তোষ প্রকাশ করেন। অভিযোগ, সংবাদমাধ্যমের প্রতিনিধিদের জন্য পর্যাপ্ত ও সুষ্ঠু ব্যবস্থা না থাকায় কভারেজের সময় নানা সমস্যার মুখে পড়তে হয়েছে। জানা গেছে, সমাজকল্যাণ ও সমাজশিক্ষা দপ্তরের অধীনে আইসিডিএস-এর সিডিপিও গোপা দে-র তত্ত্বাবধানে অনুষ্ঠানটির আয়োজন করা হয়।সামগ্রিকভাবে নারীর ক্ষমতায়ন ও নেতৃত্ব বিকাশে ‘She Serves’ কর্মসূচি ইতিবাচক উদ্যোগ হিসেবে প্রশংসিত হলেও, অনুষ্ঠান পরিচালনার ব্যবস্থাপনা নিয়ে বিভিন্ন মহলে প্রশ্ন উঠেছে।
উদয়পুরে ‘She Serves’ কর্মসূচি: নারীর নেতৃত্ব ও প্রতিরক্ষা বাহিনীতে অংশগ্রহণে জোর, ব্যবস্থাপনা নিয়ে উঠল প্রশ্ন
