Headlines

‘উন্নত স্বাস্থ্য পরিষেবায় রাজ্যেই মিলছে চিকিৎসা’— মুখ্যমন্ত্রী সমীপেষুতে আশ্বাস ডা. মানিক সাহার

নিজস্ব প্রতিনিধি: সাধারণ মানুষের সমস্যা, অভাব-অভিযোগ ও চিকিৎসা সংক্রান্ত আবেদন সরাসরি শোনার লক্ষ্যে বুধবার মুখ্যমন্ত্রীর সরকারি বাসভবনে অনুষ্ঠিত হলো ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’-র ৭১তম পর্ব। কর্মসূচিতে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আসা মানুষের সঙ্গে সরাসরি মতবিনিময় করেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডা. মানিক সাহা এবং সংশ্লিষ্ট দপ্তরের আধিকারিকদের দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন।এদিন মোট ১৮ জন সাহায্যপ্রার্থী মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন। তাঁদের অধিকাংশই হৃদরোগ, ব্রেন টিউমার, কিডনি রোগ, ব্লাড ক্যান্সার, ফুসফুসের ক্যান্সার, থাইরয়েড ক্যান্সার, নিউমোনিয়া, দৃষ্টিশক্তি সংক্রান্ত জটিলতা ও অন্যান্য গুরুতর অসুস্থতার চিকিৎসার জন্য আর্থিক সহায়তা ও সরকারি সহযোগিতার আবেদন জানান।মুখ্যমন্ত্রী প্রত্যেকের বক্তব্য মনোযোগ সহকারে শোনেন এবং উন্নত চিকিৎসা নিশ্চিত করতে স্বাস্থ্য দপ্তরের আধিকারিকদের প্রয়োজনীয় নির্দেশ দেন। পাশাপাশি, আবেদনকারীদের আর্থ-সামাজিক অবস্থা বিবেচনা করে মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে একাধিক ব্যক্তিকে আর্থিক সহায়তা প্রদানেরও ব্যবস্থা করা হয়।এ সময় মুখ্যমন্ত্রী বলেন, রাজ্যের মানুষকে উন্নত স্বাস্থ্য পরিষেবা দিতে সরকার নিরন্তর কাজ করে চলেছে। বর্তমানে রাজ্যেই আধুনিক চিকিৎসা ব্যবস্থা, উন্নত পরিকাঠামো, বিশেষজ্ঞ চিকিৎসক এবং অত্যাধুনিক স্বাস্থ্য পরিষেবা উপলব্ধ রয়েছে। তাই অযথা চিকিৎসার জন্য রাজ্যের বাইরে না গিয়ে রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থার উপর আস্থা রাখার আহ্বান জানান তিনি।কর্মসূচিতে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রীর সচিব তথা স্বাস্থ্য দপ্তরের সচিব কিরণ গিত্যে, স্বাস্থ্য অধিকর্তা ডা. দেবাশ্রী দেববর্মা, জিবিপি হাসপাতালের মেডিক্যাল সুপার ডা. বিধান গোস্বামী, আইজিএম হাসপাতালের মেডিক্যাল সুপার ডা. নির্মল সরকার, অটল বিহারী বাজপেয়ী রিজিওনাল ক্যান্সার হাসপাতালের মেডিক্যাল সুপার ডা. শিরোমণি দেববর্মাসহ স্বাস্থ্য দপ্তরের ঊর্ধ্বতন আধিকারিকরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *