বিশ্রামগঞ্জ, ২৯ জুন: বিদ্যালয়ের একমাত্র ইংরেজি বিষয়ের শিক্ষিকা তানিয়া সাহার বদলির প্রতিবাদে সোমবার জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভে সামিল হন বিশ্রামগঞ্জ দ্বাদশ শ্রেণি বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা। আন্দোলনের জেরে কিছু সময়ের জন্য যান চলাচল ব্যাহত হয়।বিক্ষোভকারী শিক্ষার্থীদের দাবি, প্রায় ১,৪০০ ছাত্রছাত্রীর জন্য বিদ্যালয়ে ইংরেজি বিষয়ের মাত্র একজন শিক্ষিকা ছিলেন। তাঁর বদলির ফলে পড়াশোনা মারাত্মকভাবে ব্যাহত হবে এবং শিক্ষার্থীরা সবচেয়ে বেশি ক্ষতির মুখে পড়বেন।এর আগে ছাত্রছাত্রীরা বিদ্যালয়ের মূল ফটকে তালা ঝুলিয়ে প্রতিবাদ কর্মসূচি পালন করেন। পরে দাবি পূরণ না হওয়ায় আন্দোলন আরও জোরদার করে জাতীয় সড়ক অবরোধে নামেন।আন্দোলনরত শিক্ষার্থীদের দাবি, অবিলম্বে তানিয়া সাহার বদলির নির্দেশ প্রত্যাহার করতে হবে অথবা বিদ্যালয়ে সমসংখ্যক যোগ্য ইংরেজি শিক্ষকের ব্যবস্থা করতে হবে। দাবি পূরণ না হলে আগামী দিনেও বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন তারা।
একমাত্র ইংরেজি শিক্ষিকার বদলিতে জাতীয় সড়ক অবরোধ, উত্তাল বিশ্রামগঞ্জ দ্বাদশ শ্রেণি বিদ্যালয়
